ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সফররত এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম নজরুল ইসলাম।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের ভূমি কোনো সন্ত্রাসী ও মৌলবাদীদের ব্যবহার করতে দেওয়া হবে না।”
এ প্রসঙ্গে সংসদে বেশ কয়েকটি আইন পাসের বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, সন্ত্রাসের বিষয়ে তার সরকার জিরো টলারেন্স দেখাচ্ছে।
আফগানিস্তানে দূতাবাস খোলার বিষয়ে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সাক্ষাতে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যে রকম বোমা বিস্ফোরণের ঘটনা দেশে ঘটেছিলো, বর্তমান সরকারের সময়ে তার কিছুই হয়নি।”
বৈঠকে বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যা ও নির্যাতনের বিষয়টিও স্থান পায় বলে জানান উপ-প্রেস সচিব।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “সীমান্তে হত্যা যেন বন্ধ হয় সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ভারতের উচ্চ পর্যায় থেকে এ বিষয়ে আশ্বাস দেওয়ার পরও কিছু ঘটনা ঘটেছে। আমরা এগুলো সমাধানের চেষ্টা করছি।”
আঞ্চলিক যোগাযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে একটি আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে।
বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের যোগাযোগের ক্ষেত্রে ভারতের আশ্বাসের বিষয়টিও শেখ হাসিনা উল্লেখ করেন বৈঠকে।
বাংলাদেশে মার্কিন ‘পিস কোর’-এর কার্যক্রম প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “১৯৯৮ সালে বাংলাদেশে পিস কোরের সদস্যরা আসে এবং বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তারা নিরাপত্তার কারণে চলে যায়।”
আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাকের কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ব্লেইকের সহায়তা চান শেখ হাসিনা।
সাক্ষাতের সময় বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং অ্যাম্বাসেডর অ্যট লার্জ এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৪০ ঘ.
bdnews24