ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘লোক দেখানোর’ জন্য নিহত সাংবাদিক দম্পতির একমাত্র ছেলের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। হত্যাকারীরা কেন গ্রেপ্তার হচ্ছে না। গতকাল প্রধানমন্ত্রীর মেঘের দায়িত্ব নেওয়ার সংবাদটি দেখে অনেকে বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) লোক দেখানোর জন্য মেঘের দায়িত্ব নিলেন। আমরা মনে করি, শুধু মেঘ এর দায়িত্ব নয়, এই হত্যাকাণ্ডের দায়িত্বও প্রধানমন্ত্রীকে নিতে হবে।”
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনি। তাদের একমাত্র ছেলে পাঁচ বছর বয়সী মাহিন সরওয়ার মেঘ তার নানীকে প্রথম এই হত্যাকাণ্ডের খবর জানান।
সোমবার নিহতদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি মেঘকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও খুনীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মোশাররফ হোসেন অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস-মহানগর দক্ষিণের উদ্যোগে ‘সাংবাদিক দম্পত্তি হত্যাকাণ্ড ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার পরও হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন মোশাররফ।
তিনি বলেন, “এরকম অবস্থায় এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে কিনা- তা নিয়ে আমাদের সংশয় সৃষ্টি হচ্ছে। কারণ সরকার দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠু বিচার কিভাবে হবে।”
তিনি বলেন, “দেশের অর্থনীতি, শেয়ারবাজার, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ বিভিন্ন সংবাদ সঠিকভাবে তুলে ধরছে বলে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর সরকারের মন্ত্রীরা বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করছেন। অর্থমন্ত্রীকে একাধিকবার বলতে শোনা গেছে, সাংবাদিকদের জন্য অর্থনীতি খারাপ হচ্ছে। টক শোতেও তিনি দায়ী করেছেন। সাংবাদিকরা এভাবেই সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”
তিনি আরো বলেন, “সরকারের মন্ত্রী তথা সরকারের এরকম আচরণের কারণে হত্যাকারীরা অপরাধ করে এতো সাহস পায়। তারা একজন সাংবাদিকের বাসায় গিয়ে হত্যা করে পালিয়ে যায়”, যোগ করেন মোশাররফ।
মহানগর দক্ষিণের আহ্বায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৭০৭ ঘ.
bdnews24