২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্যপদ হারাতে যাচ্ছেন জাপার কাশেম

প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশে সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছন জাতীয় পার্টির (জাপা) নেতা আবুল কাশেম, ২০০৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রার্থিতা নিয়ে আপিল বিভাগের আদেশে সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছন জাতীয় পার্টির (জাপা) নেতা আবুল কাশেম, ২০০৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। হাইকোর্ট প্রার্থীতা বাতিল করে দেওয়ার পর কাশেম সুপ্রিম কোর্টে যে আপিলের আবেদন করেছিলেন মঙ্গলবার তাও খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। খারিজের আদেশে আদালত বলে, ‘আপিল ডিসমিস’। আদালতে আবুল কাশেমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। ওই আসনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া বিএনপির প্রার্থী মাহমুদুল হাসানের পক্ষে লড়েন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। আদালতের আদেশের পর আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, “আদালত আবুল কাশেমের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে মাহমুদুল হাসানকে সংসদ সদস্য ঘোষণায় হাইকোর্টের রায় বহাল থাকলো।” ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান। কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর হাইকোর্টে আবেদন করেন মাহমুদুল। ২০০৯ সালের ১৫ ডিসেম্বর দেওয়া রায়ে হাইকোর্ট কাশেমের সংসদ সদস্য পদ বাতিল করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। কিন্তু কাশেমের আবেদনে পরে ওই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে তাকে নিয়মিত আপিল করতে বলে সুপ্রিম কোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২১০ ঘ.