ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কঠোর অবস্থান থেকে সরে এসে ‘গণতন্ত্রের’ ভাষায় কথা বলার জন্য ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “তারা সমাবেশ নিয়ে এমন ভাবে কথা বলছেন- যেন তারা কোতোয়াল হয়ে তেলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কোনোভাবেই এ কর্মসূচি করতে দেবেন না। কিন্তু এটাতো গণতন্ত্রের ভাষা নয়।”
“শাসকগোষ্ঠীকে বলতে চাই, অহংকার ও দাম্ভিকতা থেকে সরে আসুন। এখনো সময় আছে, দেয়ালের লিখন ও মানুষের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। গণতন্ত্রকে নিজস্ব পথে চলতে দিন”, যোগ করেন তিনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গত জানুয়ারি মাসে চট্টগ্রামের পলোগ্রাউণ্ডে এক সমাবেশ থেকে ১২ মার্চের এই মহাসমাবেশের ঘোষণা দেন। তবে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ কর্মসূচি দিয়েছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ ওইদিন রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে তাদের ‘প্রতিরোধ’ করবে।
আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে পুরো মার্চ মাসজুড়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আলোচনাসভায় মির্জা ফখরুল বলেন, “আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেড়মাস আগে। অথচ একে বাধা দেওয়ার চেষ্টা চলছে।”
জাতিকে ‘বিভিন্ন প্রক্রিয়ায়’ বিভক্ত করে ফেলা হয়েছে- এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দাড়ি টুপি পড়লেই মৌলবাদী বলে প্রগতিবাদীদের অনেকের অভিযোগ আছে। এটা ঠিক নয়। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। তারা দাড়ি টুপি পড়েন। তার অর্থ এই নয় যে, তারা মৌলবাদী বা ধর্মান্ধ।”
“এ থেকে আমাদের উঠে আসতে হবে। সা¤প্রদায়িকতা ও ধর্মন্ধতাকে পরিহার করতে হবে”, বলেন জামায়াতে ইসলামীর শরিক বিএনপির এই নেতা।
একুশের চেতনা থেকেও জাতি এখন দূরে সরে যাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “নিজস্ব সংস্কৃতি বাদ দিয়ে বিদেশি সংস্কৃতির প্রতি আকর্ষণ গ্রহণযোগ্য নয়। বিদেশি সংস্কৃতি দেখতে বাধা নেই। তবে নিজেরটা বাদ দিয়ে নয়। দেশীয় সংস্কৃতিকে অবশ্যই সবার উপরে স্থান দিতে হবে।”
‘একুশের চেতনা ও বর্তমান প্রেক্ষাপট ’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, কবি আল মুজাহিদী, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাধারণ সম্পাদক মুনীর খান, কবি কামার ফরিদ এতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৩৩ ঘ.
bdnews24