২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চজুড়ে কর্মসূচি আওয়ামী লীগের

ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্চ মাস জুড়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্চ মাস জুড়ে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার দুপুর সাড়ে ১২টায় ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যৌথসভা শুরুর আগে তিনি সাংবাদিকদের বলেন, “ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।” এছাড়া ১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারি বিএনপির নেতৃত্বাধীন সরকারের অধীনে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘কালো দিবস’ এবং ৩০ মার্চ ওই সংসদের পদত্যাগের দিনটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসাবে পালন করবে ক্ষমতাসীন দল। এ মাসের বাকি কর্মসূচিগুলো পর্যায়ক্রমে জানানো হবে বলে উল্লেখ করেন সৈয়দ আশরাফ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন চারদল। বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ কর্মসূচি দিয়েছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ ওইদিন রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে তাদের ‘প্রতিরোধ’ করবে। মার্চজুড়ে কর্মসূচি ঘোষণা করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “বিএনপি যে গণতন্ত্রে বিশ্বাস করে না- এটা মনে করিয়ে দিতেই আমাদের মাসব্যাপী কর্মসূচি।” যৌথসভার শুরুতেই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে জাতির জন্য একটি ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সেদিন বিএনপি একদলীয় নির্বাচন করেছিলো। সেদিন ঢাকায় সেনা, নৌ ও বিমানসহ সব বাহিনী নিয়োগ করা হয়েছিলো। ঢাকাসহ সারাদেশে বালির বস্তা দিয়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিলো।” যারা ওই নির্বাচনের আয়োজন করেছিল- তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তীব্র ভাষায় প্রধান বিরোধীদলের সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের জন্ম বন্দুকের নলে। তারা গণতন্ত্রের সহায়ক শক্তি হতে পারে না।” “যারা এখন বিএনপি করে- তাদের পিতামহরা আমাদের রাষ্ট্রভাষা যেনো বাংলা না হয়- সেজন্য জোরালো ভূমিকা রেখেছিলো”, যোগ করেন তিনি। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকায় আওয়ামী লীগের সাংসদ, সহযোগী সংগঠন ও তাদের ঢাকা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ যৌথসভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/সিএস/জেকে/১৬৫০ ঘ.