ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ জনের জামিনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ কে এম সহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আটটি পৃথক আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করে। দুই সপ্তাহের মধ্যে বিবাদিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট এ এস এম আবদুল মোবিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
পরে এস এম মোবিন বলেন, আদালত সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ আসামির জামিন মঞ্জুরের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এর মধ্যে এজাহারভুক্ত আসামী বাচ্চু, মামুন ও মনোয়ার হোসেন খানসহ আটজন ছাড়াও অপরাপর আসামিরা রয়েছেন।
নরসিংদীর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গত ১ নভেম্বর দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন।
এরপর তার ভাই কামরুজ্জামান কামরুল যে মামলাটি করেন, তার আসামিদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ১ নম্বর আসামি টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই বাচ্চু।
গত ১৭ জানুয়ারি বিকেলে সালাউদ্দিনের সঙ্গে নরসিংদীর জেলা ও দায়রা জজ ড. মো. শাহজাহান অন্য তিন আসামি আমির হোসেন আমু, মামুন ও হিরণকেও জামিন দেন।
বিডিনিউনিউজ টোয়েন্টেফোর ডটকম/এসএন/এমআই/২৩২০ ঘ.
bdnews24