ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শপথ অনুষ্ঠানের তিন ঘণ্টা আগে নবগঠিত নির্বাচন কমিশনকে প্রত্যাখান করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এ কমিশন জনগণ মানবে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি ও জামায়াতে ইসলামপন্থী সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “এটি সরকারে আজ্ঞাবহ কমিশন। তাই নতুন নির্বাচন কমিশন আমরা মানি না। দেশের মানুষের কাছে এই কমিশন গ্রহণযোগ্য নয়।”
আগামী ১২ মার্চ ঢাকায় চার দলীয় জোটের মহাসমাবেশের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তাম সরকারকে ‘ওয়ার্নিং’ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদসহ নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার তাদের নিয়োগ দেন।
এই নতুন কমিশন গঠন প্রক্রিয়ার শুরু থেকেই বিএনপি বলে আসছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন তারা সমর্থন করে না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বার্ষিক কাউন্সিল অধিবেশনে খালেদা জিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়ার পরই আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা যেতে পারে।
প্রায় এক ঘণ্টার বক্তৃতায় সরকারের গত তিন বছরের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা।
১২ মার্চের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “সরকারকে বলব, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া কিংবা পাল্টা কর্মসূচি দেওয়ার চেষ্টা করবেন না। তা করা হলে আপনারা ভুল করবেন।”
ওই কর্মসূচি নিয়ে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় সরকারকেই বহন করতে হবে হুঁশিয়ার করেন খালেদা।
সারাদেশে বিএফইউজের পৌনে দুই শ’ নির্বাচিত সদস্য ছাড়াও প্রায় চার হাজার অতিথি এই কাউন্সিল অধিবেশন অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সঙগঠনের মহাসচিব শওকত মাহমুদ।
বিএফইউজের সভাপতি গাজী রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান. ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, নির্যাতিত সাংবাদিকদের মধ্যে কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল্লাহ নিয়াজী, প্রথম আলোর সাবেক গৌরীপুর প্রতিনিধি সুপ্রিয় ধর, যশোরের লোক সমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, অধ্যাপক এম এ মান্নান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, জামায়াতের ইসলামীর কর্ম পরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, মহানগর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫৪০ ঘ.
bdnews24