ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, তাকে পুনর্নিয়োগ দেওয়া হলে তা মানবে না তার দল।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের পথ থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়কের আগে ইসি গঠন করলে দেশে চলমান ‘রাজনৈতিক সঙ্কটের’ সমাধান হবে না।
“আমরা সরকারকে বলবো, এখনও সময় আছে, ধ্বংস ও প্রতিহিংসার পথ থেকে সরে আসুন। গণতন্ত্রের পথে এসে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে নির্বাচন দিন।”
সরকার এভাবে ইসি গঠনের মাধ্যমে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে পুনর্নিয়োগ দিলে জনগণ তা মেনে না মন্তব্য করে ফখরুল বলেন, “তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলকে ভেঙে ফেলার চেষ্টা করেছেন। এই ব্যক্তি পক্ষপাতদুষ্ট, নিরপেক্ষ নন। তিনি সত্য কথা বলেন না।”
শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে একটি অনুসন্ধান কমিটি গঠন করেন। সেই কমিটি মঙ্গলবার সন্ধ্যায় নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেবে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কয়েকটি দল শামসুল হুদাকে নতুন কমিশনেও নিয়োগ দেওয়ার সুপারিশ করলে বিষয়টি আলোচনায় আসে। এতে সাংবিধানিক কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন কয়েকজন সংবিধান বিশেষজ্ঞ।
অনুসন্ধান কমিটির আহ্বানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি।
জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, যে প্রক্রিয়ায় এ অনুসন্ধান কমিটি করা হয়েছে- তা সংবিধান পরিপন্থী।
“আমাদের সংবিধানে ইসি গঠনে অনুসন্ধান কমিটির কোনো অস্তিত্ব নেই। তাই এটি অসাংবিধানিক একটি কমিটি।”
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সদস্য হিসেবে যে পাঁচ জনের নামের তালিকা সরকারের কাছে পাঠিয়েছিলেন, সেখান থেকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নাম বাদ দিয়েছে সরকার। এ থেকে বোঝা যায়, এটি রাষ্ট্রপতির নয়, সরকারের গঠন করা অনুসন্ধান কমিটি।
ফখরুলের দাবি, বিরোধী দল যখন দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুঁজিবাজারসহ মানুষের সমস্যা নিয়ে কথা বলে, সরকার তখন যুদ্ধাপরাধের বিচারের ‘ভুত’ সামনে এনে জনগণকে বিভ্রান্ত করে।
‘সার্বিক সঙ্কটে বাংলাদেশ এবং ড. মোহাম্মদ মাহবুবউল্লাহ’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষণা সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক আব্দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি নাজিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা ইউনুস চৌধুরী, রফিক চৌধুরী, রেদোয়ান আহমেদ, তাজুল ইসলাম, জি এম ফারুক সোবহান বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রফিকুল ইসলাম হেলালী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫৫০ ঘ.
bdnews24