২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুদ্দীন-মইনের বিচারের সুপারিশ সংসদে

সংসদীয় কমিটি বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ২০০৭ সালের সংঘর্ষের ঘটনা ছিল সামরিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগের বিরুদ্ধে এক অনিবার্য প্রতিক্রিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদকে দায়ী করে সংসদে প্রতিবেদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ধরনের ‘অনভিপ্রেত’ ঘটনা বন্ধে ফখরুদ্দীন-মইনসহ সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দায়িত্বে থাকা মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী, কর্নেল শামসুল আলমসহ সংশ্লিষ্টদের প্রচলিত আইনে বিচারের সুপারিশ করা হয়েছে। স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন সোমবার সন্ধ্যায় ৩৮৩ পৃষ্ঠার এ প্রতিবেদনের সঙ্গে ওই সময়ের ঘটনাবলীর একটি সিডিও জাতীয় সংসদে উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে এই প্রতিবেদন উপস্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে ছিলেন। সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আওয়ামী লীগ প্রধানকেও কারাগারে যেতে হয়েছিল। প্রতিবেদন উপস্থাপন করে ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এ নিয়ে সংসদে আলোচনা এবং এর সুপারিশ বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। ডেপুটি স্পিকার প্রতিবেদনটি প্রতিবেদনটি গ্রহণের কথা জানালেও আলোচনার বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে জানান। ‘বিশ্ববিদ্যালয়ে সংঘটিত আগস্ট/২০০৭ এর ঘটনাবলী’ শিরোনামে এ প্রতিবেদনে বলা হয়েছে, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-সেনা সংঘর্ষের যে ঘটনা ঘটে তা কেবল অনাকাক্সিক্ষতই নয়, পুরো জাতির জন্য এটি ছিল একটি লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা।” এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ ১৩টি সুপারিশ ও ১১টি পর্যবেক্ষণ রাখা হয়েছে প্রতিবেদনে। জিমনেসিয়ামে কয়েকজন ছাত্রের সঙ্গে সেনাসদস্যদের তর্কাতর্কির জের ধরে ২০০৭ সালের ২০ থেকে ২৩ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ব্যাপক নির্যাতন চালায় আইন-শৃঙ্খলা বাহিনী। তখন গ্রেপ্তার করা হয় চার জন শিক্ষকসহ অনেক ছাত্রকে। বিভিন্ন মামলায় আসামি করা হয় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অসন্তোষের প্রকাশ ঘটে সারাদেশে ছাত্রবিক্ষোভের মাধ্যমে। ফলে পিছু হটে শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকার। সংসদীয় স্থায়ী কমিটি মনে করে, দেশে জরুরি অবস্থা জারির নামে সামরিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগের বিরুদ্ধে ফুটবল মাঠের সংঘর্ষের ঘটনা ছিল একটি অনিবার্য প্রতিক্রিয়া। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একটি উপ কমিটি করে ওই ঘটনার অনুসন্ধান শুরু করে। গতবছর কাজ শুরুর করার পর উপ-কমিটি বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শোনে। শিক্ষার্থীরা ২০০৭ সালে জরুরি অবস্থায় ছাত্র-শিক্ষক নির্যাতনের জন্য ওই সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন ও তৎকালীন সেনাপ্রধান মইনকে দায়ী করেন। তবে সংসদীয় কমিটিতে য্ক্তুরাষ্ট্র থেকে টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে তার সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন মইন। উপ-কমিটি এ বিষয়ে কথা বলার জন্য ফখরুদ্দীনকেও তলব করে। জবাবে বিদেশে অবস্থানরত ফখরুদ্দীন ই-মেইলে তার বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করে সংসদীয় উপকমিটি। তদন্ত শেষে উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, অনুসন্ধানের ভিত্তিতে তারা যে প্রতিবেদনটি তৈরি করেছেন তা স্থায়ী কমিটির বৈঠকে গৃহিত হয়েছে। সুপারিশ স্থায়ী কমিটির সুপারিশের শুরুতেই বলা হয়েছে, “তদন্ত কমিটি মনে করে, বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনায় ছাত্র/শিক্ষকদের ওপর যে অমানবিক নির্বাতন করা হয়েছে তার জন্য সরকার পরিচালনার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন ও সেনাপ্রধান মইন দায়ী। “এ কারণে ভবিষ্যতে এ জাতীয় অপ্রীতিকর পরিস্থিতির যাতে উদ্ভব না হয় সেজন্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের প্রচলিত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা প্রয়োজন। তদন্ত কমিটি একই সঙ্গে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ-এ বিষয়ে বিধিগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করছে।” কমিটির দশম ও একাদশ সুপারিশে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর শৃঙ্খলা রক্ষায় তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকতে পারে। কিন্তু বেসামরিক বিষয়ে বিশেষ করে রাজনৈতিক বিষয়ে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) হস্তক্ষেপ বন্ধ করা প্রয়োজন। টিএফআই বা যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদ সেল বন্ধের সুপারিশ করে সংসদীয় কমিটি বলেছে, “এসব সেলে নানা ধরনের নির্যাতন করা হয় যা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে চলতে পারে না।” প্রতিবেদনের ত্রয়োদশ সুপারিশে বলা হয়েছে, ডাকসু নির্বাচনসহ সব ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন করতে হবে। অনিবার্য পরিণতি কমিটির প্রতিবেদনে ওই ঘটনার বিষয়ে ১১টি পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, “প্রথমত, এ সংঘর্ষের ঘটনা জরুরি অবস্থা জারির নামে সামরিক শাসন প্রতিষ্ঠার উদ্যোগের বিরুদ্ধে ছিল একটি অনিবার্য প্রতিক্রিয়া। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব স্বৈরতান্ত্রিক ও সামরিক বিধি ব্যবস্থার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। “২০০৭ সালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সেনা ক্যাম্প স্থাপনের মাধ্যমে ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণের একটি চেষ্টা করা হয় এবং তারই অনিবার্য পরিণতি হিসাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ অনভিপ্রেত ঘটনা ঘটে।” সামরিক গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ (ডিজিএফআই) নিরাপত্তা বাহিনীর অন্যান্য সংস্থা যেমন- পুলিশ, র‌্যাব ইত্যাদি বাহিনীর ‘বাড়াবাড়ি’ এবং বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এসব সংস্থার নগ্ন হস্তক্ষেপকেও ওই ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সংসদীয় কমিটি। পর্যবেক্ষণে বলা হয়েছে, “জরুরি অবস্থা চলাকালে সংস্থাগুলোর আচরণে সব সময় সিভিল প্রশাসনকে উপেক্ষা করার প্রবণতা লক্ষ্য করা গেছে, যা সভ্যদেশে কাম্য নয়। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতো না।” সংসদীয় কমিটি মনে করে, তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন ও সেনাপ্রধান মইন ওই ঘটনাবলীতে ইচ্ছাকৃতভাবে ‘নিশ্চেষ্ট’ ভূমিকা পালন করেন। “তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে। বিশেষত শিক্ষকদের গ্রেপ্তার করে রাখা, তাদের মুক্তি প্রদানে কালক্ষেপণ, তাদেরকে কারাদণ্ড প্রদান এবং রাষ্ট্রপতিকে দিয়ে আবার ক্ষমা করা- এর প্রতিটি বিষয়ের সঙ্গে তারা জড়িত ছিলেন।” “পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদও কোনোভাবে দায় এড়াতে পারেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে তার কোনো প্রচেষ্টা ছিল না”, বলা হয়েছে কমিটির পর্যবেক্ষণে। সুদূরপ্রসারী পরিকল্পনা ওই ‘অনভিপ্রেত’ ঘটনার নেপথ্যে একটি সুদূরপ্রসারী পরিকল্পনাও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংসদীয় কমটি। কমিটির সপ্তম পর্যবেক্ষণে বলা হয়, ওই ঘটনার পর গ্রেপ্তার শিক্ষকদের টিএফআই সেলে জিজ্ঞেস করা হয়- শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো সর্ম্পক আছে কি না, শিক্ষার্থীদের আন্দোলনে তার কোনো ইঙ্গিত আছে কি না? পার্শ্ববর্তী দেশের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন কি না? এর ভিত্তিতে কমিটি বলেছে, “একটি বিশেষ রাজনৈতিক দল ও একটি প্রতিবেশী দেশকে বিতর্কিত করার লক্ষ্য ছিল। একই সঙ্গে একটি সুযোগ সন্ধানী মহল কিংস পার্টি সৃষ্টি করে রাজনৈতিকভাবে তাদের পুর্নবাসিত করার চেষ্টা দেখা যায়।” ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও ব্যর্থতা দেখতে পেয়েছে সংসদীয় কমিটি। “কোনো কোনো ক্ষেত্রে, বিশেষত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনকৃত আচরণ খুবই দুঃখজনক বলে প্রতীয়মান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ছাত্র নেতারা প্রক্টরিয়াল বডির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গ্রেপ্তারের ঘটনায় জেনারেল আমীনের বোন ল’ ফ্যাকাল্টির ডিন আসমা সিদ্দিকার ভূমিকাও ছিল বিতর্কিত।” কমিটি বলেছে, ডিজিএফআই এবং কতিপয় সেনা সদস্য শিক্ষক ও ছাত্রদের প্রতিপক্ষ বানিয়ে যে নির্যাতন করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। কমিটির সর্বশেষ পর্যবেক্ষণে বলা হয়েছে, ছাত্রদের শরীর চর্চার জায়গা দখল করে ক্যাম্প স্থাপন, বন্যার্তদের জন্য রুটি বানানোর মতো মানবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টিও ওই অনভিপ্রেত ঘটনার কারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/জেকে/এমআই/২০২৫ ঘ.