২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমেকে কর্মচারী নিয়োগ, আ. লীগ-জাপার হুমকি

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ‘বাণিজ্য’ হচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

রংপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ‘বাণিজ্য’ হচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সোমবার রংপুর প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করা করার দাবি জানান দুই দলের নেতারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারাও সংবাদ সম্মেলনে ছিলেন। রমেক হাসপাতালে ১৮৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। গত ২৮ জানুয়ারি গঙ্গাচড়ার প্রার্থীদের কোটা না থাকায় রংপুর-১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাইপো আসিফের নেতৃত্বে সাত থেকে আটশ’ লোক মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে এবং ভাংচুর চালায়। তখন হাসপাতালের কর্মচারীরা আসিফকে পিটুনি দিলে তার মাথা ফেটে যায়। সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন মহাজোটের দুই দলের নেতারা বলেন, হাসপাতালের পরিচালক ও কলেজ অধ্যক্ষ ‘নিয়োগ বাণিজ্যে’ জড়িয়ে পড়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার নামে প্রহসন হয়েছে। ক্ষেত্রবিশেষে তিন থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটাসহ প্রতিবন্ধী ও সুইপারদের কোটা পূরণ করা হয়নি দাবি করে নেতারা অবিলম্বে নতুন করে নিয়োগ পরীক্ষার দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মশিয়ার রহমান রাঙ্গা, জেলা জাপা নেতা সৈয়দ নুর আহাম্মেদ টুলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার মতিয়ার রহমান ও গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। তবে সংবাদ সম্মেলনে তোলা এই অভিযোগ প্রত্যাখ্যান করে হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।” রমেক অধ্যক্ষ আব্দুর রউফের মোবাইলে ফোন করা হলে তিনি তা ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৫০ ঘ.