ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিল কর্মসূচিতে গুলির ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে নিজস্ব উদ্যোগে পাঁচ সদস্যের ‘নাগরিক তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি।
এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থক আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনকে। বাকি সদস্যরা হলেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, সাবেক সংসদ সদস্য হাফিজুর রহমান এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা জজ আবু তালেব।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি গঠনের ঘোষণা দিয়ে বলেন, “আমরা মনে করি, পুলিশের তদন্ত কমিটি নিয়ে গুলিবর্ষণের আসল সত্য উৎঘাটিত হবে না। ওই কমিটি পুলিশকে রক্ষা করবে। ফলে প্রকৃত দোষীরা চিহ্নিত হবে না।”
সরকারের পক্ষপাতিত্বের কারণে ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, “এ কারণেই চেয়ারপারসন খালেদা জিয়া এই নাগরিক তদন্ত কমিটি গঠন করেছেন।”
গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুর ও চাঁদপুরে বিএনপির গণমিছিলে পুলিশ গুলি চালালে চার জন নিহত হন। পরদিন রাজশাহীতে একই কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান জামায়াতে ইসলামীর এক কর্মী।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, নাগরিক তদন্ত কমিটি সংশ্লিষ্ট জেলার সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীদের মতামত শুনবে। কারা গুলি করেছে তা চিহ্নিত করে প্রতিবেদন দেবে।
পাঁচজনের মৃত্যুর ঘটনায় সরকার দুঃখপ্রকাশ না করে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর’ চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফখরুল।
তিনি বলেন, “ছবি প্রমাণ করে কীভাবে পুলিশ বন্দুক উঁচিয়ে গুলি করছে। তাদের বুটের সঙ্গে আধুনিক ভয়ংকর ছুরি লাগানো আছে। এরা কোনো দেশের পুলিশ?”
পুলিশের বুটের নিচে ‘ছুরি’ থাকার প্রমাণ হিসেবে কয়েকটি আলোকচিত্রও সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন ফখরুল।
‘পাল্টা কর্মসূচির’ সমালোচনা
ক্ষমতাসীন দল ‘গণতন্ত্রের রীতি-নীতির’ তোয়াক্কা করছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের একটি সংগঠন ১২ মার্চ ঢাকায় আমাদের মহাসমাবেশের দিন পাল্টা কর্মসূচি দিয়েছে। সরকারের মন্ত্রীরা বিএনপির সমাবেশ বন্ধের জন্য যেমন খুশি তেমনভাবে যা ইচ্ছা বলে যাচ্ছেন।
“আমরা প্রমাণ করেছি, আমরা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। গত তিন বছরে আমরা মাত্র সাতটি হরতাল দিয়েছি। কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ ৭৭টি হরতাল দিয়েছিলো। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সে সময়ে লগি-বৈঠা নিয়ে কর্মীদের ঢাকায় আসতে বলেছিলেন। সে সময় ১০/১১ জনকে হত্যা করা হয়েছিলো।”
বর্তমান সংকট থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব উল্লেখ করেন।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে।”
অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুুলু, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৬০৯ ঘ.
bdnews24