২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্তবর্তীকালীন’ বা ‘নির্দলীয়’ সরকার: খালেদা

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে এই দুই নামের যে কোনো একটি বেছে নিতে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:02 PM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ’ অথবা ‘অন্তবর্তীকালীন’ যে কোনো এক নামের সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। তা না হয়ে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে না বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাতে খালেদা তার গুলশান কার্যালয়ে বরগুনা জেলার একদল নেতা-কর্মীর এক অনুষ্ঠানে এ কথা বলেন। পাশাপাশি এই দাবি না মানলে দেশে সৃষ্ট যে কোনো বিশৃঙ্খলার দায় ক্ষমতাসীন সরকারের ওপরই বর্তাবে বলে সতর্ক করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন বলেন, “আওয়ামী লীগের অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ভবিষ্যতেও হবে না।” “তারা তত্ত্বাবধায়ক সরকার না মানলে নির্দলীয় নিরপেক্ষ সরকার অথবা অন্তবর্তীকালীন সরকার যে নামেই হোক না কেন- এই দাবি মানতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।” তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা হলে এর ‘নাম’ নিয়ে আলোচনা হতে পারে বলে উল্লেখ করেন খালেদা। বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৩৯ জন নেতা-কর্মী হাই কোর্ট থেকে জামিন পেয়ে খালেদার সঙ্গে দেখা করেন। গত ২৯ জানুয়ারির গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তাদের বিরুদ্ধে মামলা হয়। গতবছরের মাঝামাঝি সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসা খালেদা এই প্রথম ‘নিরপেক্ষ নির্দলীয়’ বা ‘অন্তবর্তীকালীন’ সরকারের দাবি জানালেন। সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে আগামী (দশম) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময় বর্তমান সরকারই ‘অন্তবর্তীকালীন সরকারের’ দায়িত্ব পালন করবে বলে ইতিমধ্যে জানিয়েছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যের আগে খালেদা জিয়া ‘বেস্ট নিউজবিডি ডটকম’ নামে একটি অনলাইন সংবাদপত্র উদ্বোধন করেন। ‘ তত্ত্বাবধায়ক মানলে নাম নিয়ে আলোচনা’ দেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায় দাবি করে বিএনপিপ্রধান বলেন, “আওয়ামী লীগ ও তাদের জোটের মধ্যেও অনেকে তত্ত্বাবধায়কের পক্ষে আছেন। তাই এই দাবি সরকারকে মানতেই হবে।” “নিরপেক্ষ নির্বাচনের লক্ষে তত্ত্বাবধায়ক সরকারের এই দাবি মেনে নিলে তার নামকরণ নিয়ে আলোচনা হতে পারে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, “১৯৯৬ সালে জামায়াতে ইসলামীর সঙ্গে এক হয়ে আওয়ামী লীগ আন্দোলন করেছে। ১৭৫ দিন হরতাল, গাড়ি ভাংচুরসহ দেশের অনেক ক্ষতিসাধন করেছে। আমরা ওই সময়ে তাদের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে যুক্ত করেছি।” “এখন তারা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছে।” আগামী ১২ মার্চ রাজধানীতে বিএনিপর সমাবেশ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এই দাবি না মানলে দেশে যে কোনো পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির দায় সরকারের ওপর বর্তাবে।” দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এর বড় প্রমাণ নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে ইসি সরকারের কাছে সেনাবাহিনী চেয়েছিলো। কিন্তু সরকার তা দেয়নি।” নারায়ণগঞ্জে সেনা মোতায়েনে কমিশন প্রথমে আগ্রহী না আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপির প্রার্থীর দাবির মুখে তারা সেনা মোতায়েন চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। ‘ তারা দিশেহারা’ সরকার তিন বছরে জনগণের কোনো সমস্যার কোনো সমাধান দিতে পারেনি বলে দাবি করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “এখন তারা দমননীতির পথ বেছে নিয়েছে। মানুষের ওপর গুলি চালাচ্ছে। এভাবে গুলি চালিয়ে গণ আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না।” শেয়ারবাজারে পুঁজি হারানোর পর বিনিয়োগকারীর আত্মহত্যার দায় সরকার-প্রধান এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া বলেন, “গণমিছিলসহ কর্মসূচিগুলো সফল হচ্ছে। এটা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা দিশেহারা হয়ে পড়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৩২ ঘ.