চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিবিরের আয়োজনে ক্রিকেট খেলা চলছিল। বিনা অনুমতিতে ক্রিকেট ম্যাচের আয়োজন করার অভিযোগে দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় খেলার মাঠের একপাশে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করতে মাঠে উপস্থিত ছিলেন।
আহতরা হলেন- পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞানের তৃতীয় বর্ষের সাজ্জাদুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের মামুনুর রশীদ।
তিনজনই ছাত্রশিবিরের কর্মী বলে সংগঠনের নেতারা দাবি করেছেন।
এ ঘটনার পর ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের কর্মীরা। তাদের দাবি, খেলায় বাধা দেওয়ায় শিবিরকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
সংঘর্ষের পর দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী শাটল ট্রেনটি আধাঘণ্টা দেরিতে ক্যাম্পাস ছাড়ে।
এদিকে ছাত্রলীগ ও শিবির পরস্পরের বিরুদ্ধে এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছে।
এ ব্যাপারে চবি প্রক্টর নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় দুইজন আহত হয়েছে বলে শুনেছি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “অভিযোগ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাঠে আমাদের কর্মীরা খেলা দেখতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। এতে আমাদের তিনকর্মী গুরুতর আহত হয়।”
নামে-বেনামে নতুন সংগঠন করে ছাত্রশিবির প্রায়ই মাঠে খেলার আয়োজন করে- চবি স্কুল কলেজের শিক্ষার্থীদের এমন অভিযোগে শিবিরের খেলায় বাধা দেওয়া হলে সংঘর্ষ হয় বলে জানান ছাত্রলীগের জেষ্ঠ্য সহসভাপতি আবুল মনসুর সিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/১৮৫৯ ঘ.
bdnews24