২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবদলের সংঘর্ষে ভাংচুর বিএনপি কার্যালয়

মুন্সীগঞ্জে কমিটি নিয়ে দ্বন্দ্বে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ভাংচুর হয়েছে জেলা বিএনপির কার্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে কমিটি নিয়ে দ্বন্দ্বে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ভাংচুর হয়েছে জেলা বিএনপির কার্যালয়। শুক্রবার সকালে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে যুবদলের একটি পক্ষ সভা করার সময় অন্য পক্ষ হামলা চালালে সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এতে আহত হয়েছে জেলা যুবদলের নতুন সভাপতি ও পৌর কমিশনার তারিক কাসেম খান মুকুল, সহসভাপতি মফিজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তফিকুল ইসলাম শরীফ, যুবদল নেতা নুরুল ইসলাম শাহীন ও শাহ আলম। এর মধ্যে মুকুল ও শাহ আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছেন। বৃহস্পতিবার জেলা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়। এ নিয়ে দুই পক্ষে দ্বন্দ্ব চলছিল। সদর থানার ওসি আবুল বাসার সাংবাদিকদের জানান, নতুন কমিটির সভাপতি প্রার্থী বিগত কমিটির সাংগঠনিক সম্পদক সুলতান আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী বাবুলের অনুসারীরা জেলা বিএনপি অফিসে নতুন কমিটির ওপর হামলা চালায়। নতুন কমিটির সদস্যরা তখন ওই কার্যালয়ে সভা করছিল। আহত শরীফ বলেন, নতুন কমিটি গঠনের পর তারা বিএনপি কার্যালয়ে পরিচিতি সভা করছিলেন। “ওই সময় সুলতান আহমেদ তার বাহিনী নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায় এবং কার্যালয় ভাংচুর করে।” সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.