২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিতের পদত্যাগ দাবি সংসদে

অর্থমন্ত্রী ব্যর্থ হয়েছেন দাবি করে স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম বলেছেন, সবাইকে দিয়ে সব কাজ হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। অর্থমন্ত্রীকে ভালো মানুষ মনে করলেও অর্থনৈতিক সঙ্কট উত্তরণে তিনি ব্যর্থ হয়েছেন বলে দাবি আজিমের। তার ভাষায়, সবাইকে দিয়ে সব কাজ হয় না। নোয়াখালীর সংসদ সদস্য আজিম বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে বলেন, “অর্থমন্ত্রী ভালো মানুষ, তিনি চেষ্টা করেছেন, কিন্তু দায়িত্ব পালন করতে পারেননি। দেশে মেধার অভাব নেই। এই সংসদে মেধার অভাব নেই।” অর্থনৈতিক উন্নয়নে সরকারের আন্তরিক চেষ্টার কথা অবশ্য স্বীকার করেন এক সময়ের এই বিএনপি নেতা। সরকারের প্রতি তার পরামর্শ, “আরো দুই বছর সময় আছে। এই অর্থমন্ত্রী বদলানো উচিত। এই অর্থমন্ত্রীর পক্ষে সঙ্কট সমাধান সম্ভবপর নয়। সবাইকে দিয়ে সব কাজ হয় না।” আজিমের এই বক্তব্যের সময় অবশ্য অর্থমন্ত্রী সংসদে ছিলেন না। দেশের অর্থনীতির সঙ্কট তেমন নেই বলে মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে পোশাক শিল্প মালিক আজিম বলেন, “দেশের অর্থনীতি এখন ভয়াবহ সঙ্কটে রয়েছে। শেয়ার বাজার যেখানে পৌঁছেছে, তা থেকে আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। দেশে বিনিয়োগ নেই। ডলারের দাম বেড়েই চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন।” “প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করে অর্থমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত,” বলেন তিনি। মুহিত বুধবার এক মতবিনিময় সভায় বলেন, দেশের অর্থনীতি সঙ্কটে বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা ঠিক নয়। গণমাধ্যম ও কিছু অর্থনীতিবিদ বাড়িয়ে বলছেন। আজিম বলেন, “অর্থমন্ত্রী এক মুখে দুই কথা বলেন। তিনি সংসদেও অর্থনীতির সঙ্কটের জন্য বুদ্ধিজীবী এবং গণমাধ্যমকে দায়ী করেছেন। তার কথার কোনো তাল নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০১৭ ঘ.