ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য হওয়া শরীয়তপুর-৩ আসনে আগামী ১৫ মার্চ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের শেষ তারিখসহ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এতে বলা হয়, ১৫ মার্চ উপ নির্বাচনের অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১৬ ফেব্রুয়ারির মধ্যে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ফেব্রুয়ারি। বার প্রত্যাহার করা যাবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহমেদ খান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক দীর্ঘ রোগভোগের পর গত ২৩ ডিসেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীয়তপুরের ডামুড্ডা থেকে তিনি যতবারই নির্বাচন করেছেন, ততবারই বিজয়ী হয়েছেন।
বর্তমান সংসদেও তিনি ওই আসন থেকেই প্রতিনিধিত্ব করছিলেন। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/জেকে/১৩১০ ঘ.
bdnews24