২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়নের উপর ছাত্রলীগের হামলা, বহিষ্কার ২

হলে সিট দখলে বাধা দেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ময়মনসিংহ, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলে সিট দখলে বাধা দেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে ছাত্র ইউনিয়নের অফিসে বুধবার বিকালে এ হামলা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে ছয়মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এরা হলেন মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র জাকারিয়া এবং কৃষি অনুষদের ২য় বর্ষের ছাত্র নাঈম। গুরুতর আহত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবাহান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিজিৎ বসু, বাপ্পী ও শ্রীদাম পালকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ সমর্থকরা হকিস্টিক, রড, রামদা ও লাঠিসোঠা নিয়ে ছাত্র ইউনিয়ন অফিসে হামলা চালায়। এতে সোবাহানের মাথা ফেটে যায় এবং শামীম মিয়ার হাত ও পায়ে রামদার আঘাত লাগে। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম এ সালাম দুই ছাত্রকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি বলেছিলেন, “ঘটনাটি অনাকাক্সিক্ষত। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি আলোচনায় বসেছে। হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।” তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নাজমুল আহসান হলের ছাত্র ইউনিয়নের এক কর্মীর কক্ষে ছাত্রলীগের নেতারা নতুন এক শিক্ষাথীকে উঠিয়ে দিতে গেলে সোমবার সন্ধ্যায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর মঙ্গলবার মধ্যরাতে আবার উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার জন্য বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টাকে নিয়ে উভয় সংগঠনের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসেন জানিয়ে অধ্যাপক এম এ সালাম বলেন, এসময় আর কোনো সমস্যা হবে না বলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের আশ্বাস দেন ছাত্রলীগ নেতারা। কিন্তু বিকাল ৪টার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা জব্বার মোড়ে দলীয় কার্যালয়ে জরুরি সভায় বসলে হঠাৎ করে নাজমুল আহসান হল শাখা ছাত্রলীগের জাকারিয়া, নাঈম, সায়েম, আহাদ, সোহান, মামুন, রানাসহ ১০ থেকে ১২ জন হকিস্টিক, রড, রামদাসহ লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শামছুদ্দিন আল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত আক্রোশ থেকে ঘটনাটি ঘটেছে যা খুবই দুঃখজনক। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএইচ/ডিডি/২৩৪৬ ঘ.