২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু কঠিন সিদ্ধান্ত নেব: কাদের

‘জলন্ত আগ্নেয়গিরি’র ওপর বসা যোগাযোগমন্ত্রী বললেন, ভোট হারানোর ভয় থাকলেও তিনি কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট হারানোর শঙ্কায় অনেক সিদ্ধান্ত নিতে রাজনীতিকরা দ্বিধাগ্রস্ত থাকে বলে স্বীকার করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এই ভয় উপেক্ষা করেই ‘জনগণের স্বার্থে কিছু কঠিন সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার বিজিএমইএ নেতাদের বিভিন্ন দাবি-দাওয়া শুনে নিজের অবস্থানের কথা জানালেন মন্ত্রী। তবে কী সিদ্ধান্ত তিনি নেবেন, তা স্পষ্ট করেননি। তৈরি পোশাক রপ্তানিকারকরা সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাসহ সাতটি দাবি জানান। দাবি শুনে মন্ত্রী বলেন, “ভোটের রাজনীতিতে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে আগামীতে আমি জনগণের স্বার্থেই কিছু কঠিন সিদ্ধান্ত নেব।” ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা এখনি সম্ভবপর না হলেও চার লেনে উন্নীত করার চলমান কাজ দ্রুত শেষ হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন মন্ত্রী। “আমি যা পারব, তাই করব; তবে টাকা নেই-ফান্ড নেই বলে হতাশা ছড়াতে চাই না,” বলেন তিনি। দুই মাস আগে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া ওবায়দুল কাদের বলেন, “আমি জলন্ত আগ্নেয়গিরির ওপর বসে আছি। সফল হয়েছি, এমন কথাও বলতে পারি না। বিভিন্ন উদ্যেগে প্রশংসা পাচ্ছি, তবে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না হলে ফুলের মালা পরবর্তীতে কাঁটা হয়ে যাবে।” বিজিএমইএ সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন গাজীপুর-বড় বাড়ী এলাকায় ওভার ব্রিজ নির্মাণ, ঢাকা মহানগরে যানজট নিরসন, টঙ্গী-ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত করা, আশুলিয়া-বাইপাইল সড়ক চার লেনে উন্নীত করা এবং যানজট কমাতে জিরাব-জামগড়া পর্যন্ত সড়কে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান। টঙ্গী-ময়মনসিংহ সড়ক চার লেনে উন্নীত করার ক্ষেত্রে কিছু জটিলতার কথা জানিয়ে তাতে দেরি হওয়ার ইঙ্গিত দেন মন্ত্রী। তবে অন্য অন্য দাবিগুলো দ্রুতই পূরণ হবে বলে জানান তিনি। মেঘনায় ফেরি আগামী সপ্তাহে ঝুঁকিপূর্ণ মেঘনা সেতু রক্ষায় ভারী যানবাহন পারাপারে আগামী ৯ ফেব্র“য়ারি থেকে ফেরি চালু হচ্ছে বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সংযোগকারী মেঘনা সেতু রক্ষায় নদী পারাপারে ছয়টি সেতু ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে। ৯ ফেব্র“য়ারি থেকে ভারী যানবাহন সেতুর ওপরে না উঠে ফেরিতে পারাপার হবে। তবে ‘অতীব’ প্রয়োজনীয় ভারী যানবাহন সেতু দিয়ে পারাপারে বিশেষ ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। ঝুঁকিপূর্ণ কাঁচপুর ও মেঘনা-গোমতি সেতু সংস্কারেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কাদের। ঢাকা-আরিচা সড়কে বাঁক প্রশস্ত তিন মাসে দুর্ঘটনা এড়াতে ঢাকা-আরিচা মহাসড়কের ঝুঁকিপূর্ণ ২২টি বাঁক আগামী তিন মাসে প্রশস্ত করা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তারেক মাসুদ ও মিশুক মুনীর যে বাঁকে দুর্ঘটনায় পড়েছিলেন, সেটিসহ তিনটি বাঁক ইতোমধ্যে প্রশস্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে এবং মহাসড়কে নসিমন-করিমন, ইজি বাইক বন্ধ করার উদ্যেগ নেওয়া হয়েছে। ‘পদ্মার কুয়াশা কাটবে’ বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিতে আটকে পড়া পদ্মা সেতু নির্মাণ কাজ এক বছরের মধ্যেই শুরু হবে বলে ব্যবসায়ীদের জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “অচিরেই এ বিষয়ে কুয়াশা কেটে যাবে।” বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা না কাটলে দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে বিকল্প ব্যবস্থায় বহু প্রতীক্ষিত এই সেতু তৈরি করা হবে বলে কাদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫৩০ ঘ.