২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার: মওদুদ

রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলেছেন বিএনপির ‘তদন্ত কমিটির’ প্রধান মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলেছেন বিএনপির ‘তদন্ত কমিটির’ প্রধান মওদুদ আহমদ। শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে সংসদ সদস্য কাজল ২৯ সেপ্টেম্বর রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করতেই যান তিনি। অথচ প্রধানমন্ত্রী সম্পূর্ণ মিথ্যাচার করছেন। “প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। আমরা মনে করি, তিনি ওই নারকীয় ঘটনার দায়িত্ব কোনোভাবে এড়াতে পারেন না।” হামলার ঘটনা সম্পর্কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আমরা মনে করি- দুটি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রথমত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করা এবং দ্বিতীয়ত, ‘বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে’- এই ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা।” কিন্তু এতে ‘কোনো লাভ হবে না’ বলে সরকারকে সতর্ক করে দেন মওদুদ। ‘ সিমেন্টের ছোট ব্লক ও গান পাউডার’ সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “যুদ্ধে বোমা বর্ষণের পর যে রকম অবস্থা হয়, রামুর বৌদ্ধ বিহারের অবস্থাও তেমন মনে হয়েছে। সবকিছু ধূলিস্যাৎ হয়ে গেছে।” তিনি বলেন, হামলায় সিমেন্টের ছোট ‘ব্লক’ ব্যবহার করা হয়েছে। রামুর সবচেয়ে প্রাচীন সীমা বিহারসহ সব প্যাগোডায় এ রকম হাজার হাজার ব্লক পড়ে থাকতে দেখা গেছে। হামলাকারীরা আগুন দেয়ার সময় গান পাউডার ব্যবহার করেছে অভিযোগ করে এই বিএনপি নেতা প্রশ্ন রাখেন, “কোত্থেকে এলো গান পাউডার? কারা এনেছে এগুলো?” তিনি জানান, ২৯ সেপ্টেম্বরের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিলো বলে ৬০ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। মওদুদ বলেন, “২৯ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রামুর সাতটি বিহারের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র আধা কিলোমিটার, জেলা পুলিশ সদর দপ্তরের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার এবং সেনাক্যাম্প ৪ কিলোমিটার দূরে। কিন্তু তারা কেউই পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেনি বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। “এতে প্রতীয়মান হয় পুলিশ, র‌্যাব, বিজিবি প্রভৃতি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে হামলাকারীরা এই ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। তাই সরকার কোনোভাবে এর দায় এড়াতে পারে না”, যুক্তি দেন তিনি। মওদুদ বলেন, “৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী যখন রামুতে ঘটনাস্থলে অবস্থান করছেন, তখন উখিয়া, টেকনাফ ও পটিয়াতে বেশ কয়েকটি বিহার ও বসতিতে হামলা হয়েছে। এটাই প্রমাণ করে সরকারের দায়িত্বশীল এজেন্সিগুলো বিশেষ করে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দীর্ঘ ২৪ ঘণ্টার মধ্যে কোনো পদক্ষেপ না নিয়ে সম্পূর্ণ নির্বিকার ছিল।” ঘটনার দুই-তিন ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে বলে মন্তব্য করেন বিএনপির তদন্ত দলের প্রধান। উত্তম বডুয়া প্রসঙ্গে উত্তম বড়–য়া নামের এক বৌদ্ধ যুবকের ফেইসবুক অ্যাকাউন্টে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলা চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। মওদুদ আহমদ বলেন, রামুতে এতো ধ্বংসযজ্ঞ হলেও উত্তম বড়–য়ার বাড়ি অক্ষত রয়েছে, সেখানে কোনো আঘাতের চিহ্ন তারা দেখেননি। “আমাদের কাছে এটি দারুণ সন্দেহে সৃষ্টি করেছে। উত্তম বড়–য়া, যাকে কেন্দ্র করে এই ঘটনার উদ্ভব, তাকে সরকার এখনো জনসমক্ষে হাজির করেনি। এটা তাদের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।” উত্তম বড়–য়াকে গ্রেপ্তার না করে সরকার ‘ইচ্ছাকৃতভাবে নিরব রয়েছে’ বলেও মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, “ক্ষতিগ্রস্তরা আমাদের জানিয়েছে, তারা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ, জেলার পুলিশ সুপার, শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়াসহ সবাইকে জানিয়েছেন। কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। আমরা মনে করি, ঘটনা সংঘটিত হওয়ার পাঁচ/দশ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানার ওসি সবাই বিষয়টি জেনেছেন। সরকারের উচ্চ পর্যায়ের সবাই জেনেছেন। কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি কেন- তা সরকারকে বলতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএএইচ/জেকে/১৬৪৩ ঘ.