রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাটিপেটায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন।
বুধবার সকালে মিছিল করার সময় প্রশাসনিক ভবনের সামনে থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটক ছয় জন হলেন- রাবি ছাত্র ফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন, রাবি ছাত্র ফ্রন্টের সদস্য সচিব আলমগীর হোসেন টুটুল, রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, ছাত্রফ্রন্ট কর্মী সাদিক আহমেদ ও রাজশাহী জেলা বাসদের সদস্য সচিব দেবাশীষ রায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোট এই মিছিল বের করে। লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু হয়ে শহীদুল্লাহ কলা ভবনের পাশ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এলে পুলিশ মিছিলে লাঠি পেটা শুরু করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
সহকারী পুলিশ কমিশনার আবুল হাসনাত বলেন, “ক্যাম্পাসে মিছিল মিটিং নিষিদ্ধ থাকার পরও বেলা সোয়া ১২টার দিকে প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এই মিছিল বের করা হয়।”
পুলিশ তাদের নিষেধ করলেও তা উপেক্ষা করে প্রশাসনিক ভবনের সামনে মিছিল শুরু করলে তাতে বাধা দেয়া হয় বলে হাসনাত জানান।
রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ জানান, মিছিলে পুলিশের পিটুনিতে জোটের সাত কর্মী আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ ঘ.
bdnews24