২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেহাদকে স্মরণ বিএনপির

১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়েছে বিএনপি। ১৯৯০ সালের ১০ অক্টোবর ছাত্রদল নেতা জেহাদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন আরো তীব্র হয়। জেহাদের লাশ ছুঁয়ে তৎকালীন ছাত্রনেতারা শপথ নেন স্বৈরাচার এরশাদকে হঠানোর। এই আন্দোলনের ধারাবাহিকতায় ডিসেম্বরে ক্ষমতা ছাড়েন এরশাদ। বুধবার সকালে রাজধানীর রাজউক এভিনিউয়ের জেহাদ স্কয়ারে স্মৃতিস্তম্ভে বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান রতনসহ নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। ছাত্র দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ নেতা-কর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জিয়া সেনাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দেয়া হয়। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই দিনটিকে বিএনপিসহ সমমনা দলগুলো ‘জেহাদ দিবস’ হিসেবে পালন করে। দিবসটির কারণে ১৮ দলীয় জোটের ঘোষিত বুধবারে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বানীতে জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১১২৬ ঘ.