ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ চোরদের গ্রেপ্তার দেখিয়ে সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, “সাংবাদিকদের ডেকে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- ওই হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহভাজন চার জনকে খুঁজে পেয়েছেন। এতদিন পর সরকার সাংবাদিক দম্পত্তি হত্যার ঘটনাকে এভাবে ধামাচাপা দেয়ার জন্য এই সাধারণ চোরদের গ্রেপ্তারের কথা বলছে।”
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
আগের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ওই হত্যাকা-ের পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিকে ধরার জন্য পুলিশকে নির্দেশ দিলেও তার সময়ে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ২৫ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীর আশা প্রকাশ করেন, ১০ অক্টোবরের মধ্যে সাংবাদিক দম্পতির হত্যারহস্য উদঘাটন করা সম্ভব হবে।
সর্বশেষ মঙ্গলবার হত্যায় জড়িত সন্দেহভাজন সাতজনকে ‘সনাক্তের’ পর গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়।
রামু,উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ বিহারে হামলায় সরকারের ইন্ধন থাকার ইঙ্গিত করে মোশাররফ বলেন, “পাহাড়-পবর্ত সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সরকার পরিকল্পিতভাবেই রামু-উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটিয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করতেই এটি করা হয়েছে।”
রামু সফরে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “সোমবার প্রধানমন্ত্রী রামু গিয়েছিলেন। আমরা আশা করেছিলাম তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার করবেন। কিন্তু সেখানে গিয়ে তদন্ত কার্যক্রম চলা অবস্থায় প্রধানমন্ত্রীর মতো উচ্চ পদে থেকে তিনি স্থানীয় সাংসদকে ঘটনার জন্য দোষারোপ করলেন। সরকারের সর্বোচ্চ পদে থেকে এরকম কথা বললে তদন্ত করে কী হবে।”
সোনালী ব্যাংক থেকে হলমার্কের ঋণ জালিয়াতির ঘটনার কথা উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, “হলমার্কের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। শুনেছি জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন সরকারের লোকজনকে এক হাজার কোটি টাকা ঘুষ দিয়েছেন।”
সমাবেশে যুবদল সভাপতি আলালকে অবিলম্বে মুক্তি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, সহসভাপতি ফজলুর রহমান, আবদুল খালেক, মোরতাজুল করীম বাদরু, সেলিমুজ্জামান সেলিম, মারুফ আহমেদ, উত্তরের সভাপতি মামুন হাসান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯৩৮ ঘ.
bdnews24