ময়মনসিংহ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের অন্তত ৪০ নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবস্থান কর্মসূচিতে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে এ হামলা হয় বলে ছাত্রফ্রন্ট নেতাদের অভিযোগ।
প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে কর্মসূচি শুরু হলেও জোটের অন্যতম সংগঠন ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীরা মাঝপথে কর্মসূচি থেকে সরে আসে। ফলে হামলার সময় শুধু ছাত্রফ্রন্ট নেতা-কর্মীরাই ছিলেন।
বাকৃবির ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তির বিভিন্ন বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট মঙ্গলবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচি দেয়।
এর ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন নিষেধাজ্ঞা দিলে তা উপেক্ষা করেই দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলসহ প্রশাসন ভবনের সামনে সমবেত হয় ছাত্রজোটের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরা আন্দোলনরতদের ওপর চড়াও হয়। বেধড়ক মারধর ও কিল ঘুষি মারতে থাকে তারা।
প্রায় ঘণ্টাখানেক ধরে এ হামলা চললেও পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিকার ছিলেন বলে অভিযোগ করেছেন ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক কিশোর আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে প্রক্টর, পুুলিশ ও ছাত্রলীগের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ বহু নেতাকর্মী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালায়।”
হামলায় ছাত্রফ্রন্টের ৪০ নেতাকর্মী আহত হন বলে কিশোর দাবি করেন।
আহতদের মধ্যে কিশোর ছাড়াও রয়েছেন- সেঁজুতি, বিপ্লব, ফরিদ, মিল্টন, মাহফুজ, শুভ, অজিত, জয়া, জ্যোতি, অর্পিতা, নাসিমা, রয়া, রানু, অ্যামি, মিলন, পার্থ প্রমুখ। আহতদের মধ্যে ১৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রফ্রন্ট নেতা কিশোর।
এই বিষয়ে বাকৃবি ছাত্রলীগ সভাপতি সামছুদ্দিন আল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীরা কয়েকজন সিনিয়র শিক্ষক এবং সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতার সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে। এ ঘটনায় সাধারণ ছাত্ররা উত্তেজিত হয় এবং এমন হামলার ঘটনা ঘটে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রফিকুল হক বলেন, “জামায়াত-শিবিরের ইন্ধনে ফ্রন্টের কিছু ছেলে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটিয়েছে।”
বর্ধিত ফি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম বলে দাবি করে উপাচার্য।
এদিকে কর্মসূচির শুরুতে থাকলেও পরে না থাকার বিষয়ে ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিশৃঙ্খলা ও অনভিপ্রেত’ ঘটনার আশঙ্কায় কর্মসূচিস্থল ত্যাগ করে তাদের নেতা-কর্মীরা।
এতে বলা হয়, “মঙ্গলবার কর্মসূচিস্থলে কোনো প্রকার অনভিপ্রেত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হওয়ার ব্যাপারে আমরা সর্তক ছিলাম। কিন্তু প্রশাসনিক ভবন অবরোধের সময় অনভিপ্রেত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে অনুমান করে ছাত্র ইউনিয়ন কর্মসূচি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24