২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধানমন্ত্রীর বক্তব্য তদন্ত প্রভাবিত করবে’

রামুর সম্প্রীতি সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি দলীয় স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, তার এই বক্তব্য পুরো তদন্ত প্রক্রিয়াকেই প্রভাবিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

কক্সবাজার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর সম্প্রীতি সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি দলীয় স্থানীয় সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন, তার এই বক্তব্য পুরো তদন্ত প্রক্রিয়াকেই প্রভাবিত করবে। তিনি মনে করেন, দেশের সরকার প্রধানের এই বক্তব্যে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায় আর ন্যায়বিচার পাবে না। অপরাধীরাও আড়ালে পড়ে যাবে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার নিরিবিলি অর্কিডে এক সংবাদ সম্মেলনে সাংসদ কাজল এসব কথা বলেন। সোমবার ওই সম্প্রীতি সমাবেশে রামুর ঘটনায় সাংসদ কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “উনি (সাংসদ কাজল) এখানে আধ ঘণ্টা ছিলেন। রাত ১২টায় চলে যান। তারপরই এ ঘটনা ঘটে। আগে এর জবাব দিতে হবে। তিনি কি বলে গিয়েছিলেন, যাতে এই আগুন দেয়া হলো।” ২৯ সেপ্টম্বরের হামলার ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাজল বলেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবি চন্দের ফোন পেয়ে তিনি রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌছান। সেখানে গিয়ে তিনি দেখেন, রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম জনতার উদ্দেশে বক্তব্য রাখছেন। তিনিও উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য বক্তব্য দিতে চাইলে তারা সাংসদের বক্তব্য শুনবে না, চেয়ারম্যান কাজলের বক্তব্য শুনবেন। ওই সময় কিছু লোক তাদের লক্ষ্য করে স্যান্ডেলও ছোড়ে মারে। এরই ফাঁকে ভাইস চেয়ারম্যান মুশরাত জাহান মুন্নী এসে জানান, শ্রীকুল এলাকায় উত্তেজিত জনতা বৌদ্ধ বিহারে আগুন দেয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, “ওই সময় ইউএনওকে ১৪৪ ধারা জারি ও পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানাই। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তার খাতিরেই আমি বাড়ি চলে আসি। তখন সহকারি পুলিশ সুপার (ডিএসবি) তালেবুর রহমান ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলামও উপস্থিত ছিলেন।” সাংসদ কাজল আক্ষেপ করে বলেন, সরকারকে সহযোগিতা করতে গিয়ে যদি নিজেই অপরাধী হয়ে যান, তাহলে তো ভবিষ্যতে কেউ দুর্যোগে এগিয়ে যাবে না। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। এদিকে সংবাদ সম্মেলনের পর রাত ৮টা থেকে নিরিবিলি অর্কিডের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রাত পৌনে ৯টা পর্যন্ত কাজল সেখানেই ছিলেন বলে তার ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দেলোয়ার বলেন, “পুলিশ, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার লোকজন কার্যালয় (নিরিবিলি অর্কিড) ঘিরে রেখেছে।” তবে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর এই উপস্থিতির বিষয়ে কোনো কর্মকর্তাই মুখ খোলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৩৫ ঘ.