ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল অনুমতির বিষয়ে ১০ জানুয়ারি শুনানি হবে।
বিএনপি চেয়ারপার্সন খালেদার আইনজীবীদের আবেদনে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। রোববার এই আবেদন দাখিল করেন আইনজীবীরা।
জিয়া এতিমখানা ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই খালেদার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন।
রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট সাত জনকে। কমিশন ২০০৯ সালের ৫ অগাস্ট এ মামলায় অভিযোগপত্র দেয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার বিরুদ্ধে এ মামলা বাতিলের জন্য হাই কোর্টে আবেদন করলে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ গত ১৪ ডিসেম্বর তা খারিজ করে দেয়।
খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল ও ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৫৪ ঘ.
bdnews24