২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি নিষ্পাপ: সুরঞ্জিত

অর্থ কেলেঙ্কারির ঘটনাকে নিজের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করে এ কথা বলেছেন সাবেক রেলমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনাকে নিজের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। শনিবার তার নির্বাচনী এলাকা দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে এক জনসভায় তিনি এ কথা বলেন। সাবেক রেলমন্ত্রী বলেন, “আমি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। এই অর্থ কেলেঙ্কারির সঙ্গে আমি জড়িত নই। রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনা আমার বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র।” গত ৯ এপ্রিল রাতে ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। দুর্নীতি দমন কমিশন ও রেল কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তলব করলেও তিনি হাজির হননি। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর আরটিভির প্রতিবেদনে হাজির হন আজম। ওই প্রতিবেদনে আজম দাবি করেন, সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক পিলখানায় যে অর্থসহ আটক হয়েছিলেন তার উৎস ছিল রেলের ‘নিয়োগ বাণিজ্য’। ওই টাকা সাবেক মন্ত্রীর বাড়িতে পৌঁছানোর সময়ই ফারুক ‘আটক হন’। বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রচারিত সাক্ষাৎকারে আজমকে বলতে দেখা যায়, “আমার জানা মতে ফারুকের মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে রেলের জিএম-এর কন্ট্রাক্ট হয়েছে। গাড়িতে তারা আলাপ-আলোচনা করেছে রেলের নিয়োগের ব্যাপারে সুরঞ্জিত সেনগুপ্তকে ১০ কোটি টাকা দেবে, আর সুরঞ্জিত সেনগুপ্তের ছয়শ লোক পার্সোনালি ঢোকাতে হবে।” আজমের এই অভিযোগকে মিডিয়ার ‘বিরূপ আচরণ’ বলে আখ্যায়িত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছি। মিডিয়া আমার বিরুদ্ধে বিরূপ আচরণ করছে। ড্রাইভার আজম খানকে আমি কোনদিন দেখিনি।” “বাংলাদেশের সকল তদন্তকারী সংস্থার মাধ্যমে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। ভবিষ্যতেও নির্দোষ প্রমাণিত হব।” ১০ অক্টোবর সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান দপ্তরবিহীন এই মন্ত্রী। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডা. আবুল হাসানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর ) আসনের এমপি এম এ মান্নান, সুনামগঞ্জ ৫ (ছাতক-দোয়ারা) আসনের এমপি মহিবুর রহমান মানিক, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৮ ঘ.