ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত মোহাম্মদকে (স.) নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে তিনটি ইসলামী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররাম উত্তর গেইট থেকে খেলাফতে ইসলামী, যুব জমিয়ত ও ইসলামী ছাত্র মোর্চার ব্যানারে আলাদা মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ থেকে বক্তারা বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিম’ নিষিদ্ধ করার এবং এর নির্মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ প্রেসক্লাবের সামনের একপাশের রাস্তা বন্ধ করে দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
‘ইনোসেন্স অব মুসলিম’ ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। লিবিয়া ও মিশরে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। রকেট হামলায় নিহত হন লিবিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন।
বাংলাদেশেও গত কয়েক সপ্তাহ ধরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ দেখাচ্ছে ইসলামী দলগুলো। এ কর্মসূচিতে বাধা দেয়ায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি ইসলামী দল গত ২৩ সেপ্টেম্বর সারাদেশে হরতালও পালন করেছে।
ওই চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক নিন্দা জানানো হয়েছে।
গত ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া বিতর্কিত ওই চলচ্চিত্রটির নির্মাতা নাকুলা ব্যাসিলা নাকুলাকে গত ২৮ সেপ্টেম্বর কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএএইচ/জেকে/১৪৫০ ঘ.
bdnews24