ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বুধবার রাতে বৈঠক করেছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ৯টা থেকে দেড় ঘন্টা ধরে এ বৈঠক চলে।
জেলা সভাপতি হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে জেলার অর্ধশতাধিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পেশাজীবী ও তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে খালেদা জিয়া ব্রাহ্মণবাড়ীয়ার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন।
বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যে গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা ও বগুড়া জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে মাঠ পর্যায়ে দলের অবস্থা ও অঙ্গসংগঠনের কার্যক্রম সম্পর্কে মাঠ পর্যায়ের নেতাদের মতামত শুনেন।
এছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে করণীয় কী হতে পারে, সে বিষয়েও তৃণমূল নেতাদের অভিমত জানতে চান খালেদা জিয়া।
বৈঠকে ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর ছাড়াও আখাউড়া, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, নাসিরনগর, নবীনগর, কসবা ও বিজয়নগর উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪২ ঘ.
bdnews24