ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার কারণে মুতাওয়াল্লীদের জরিমানার পরিণাম দশগুণ বাড়িয়ে ওয়াকফ (সংশোধন) অ্যাক্ট-২০১২ -এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত খসড়া আইনে ওয়াকফ সম্পত্তি মুতাওয়াল্লীদের বদলে ওয়াকফ এস্টেটের নামে রাখা হয়েছে।
এছাড়া মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আইন-২০১২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার বিকালে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূইয়া সাংবাদিকদের সিদ্ধান্তগুলো জানান।
তবে মন্ত্রিসভার বৈঠকে কক্সবাজার ও চট্টগ্রামের পটিয়াতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সচিব জানান।
মোশাররফ হোসেন ভূইয়া বলেন, ১৯৬২ সালের ওয়াকফ আইনটি যুগোপযোগী করতেই সংশোধিত আইনটি করা হচ্ছে।
এই আইনটি কার্যকর হলে ওয়াকফ এস্টেটের নামে সব সম্পত্তি থাকবে উল্লেখ করে তিনি বলেন, “খতিয়ানে ওয়াকফ সম্পত্তি মুতাওয়াল্লীর নামে রেকর্ড হয়। এতে করে মুতাওয়াল্লী মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরা এই সম্পত্তি নিজের নামে লিখে নেন এবং তা ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়।”
“ওয়াকফ প্রশাসকের পূর্বনুমতি ছাড়া কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না”, যোগ করেন তিনি।
এই আইনে ওয়াকফ প্রশাসক সীমিত আকারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাবেন উচ্ছেদ এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য।
রেশম বোর্ড, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এবং সিল্ক ফাউন্ডেশনের মধ্যে সমন্বয়হীনতা দূর করার জন্য প্রতিষ্ঠান তিনটিকে একীভূত করতে ‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আইন-২০১২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান হবেন বস্ত্র ও পাট মন্ত্রী।
বৈঠকে ভূমি বিরোধ ও অপরাধ (বিশেষ বিধান) আইন-২০০৪ প্রণনয়নের বিষয়ে ওই বছরের পহেলা মার্চ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করা হয়।
কারণ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “দেওয়ানী কার্যবিধি সংশোধন হওয়ায় ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আর কোনো আইনের দরকার নেই।”
এছাড়া, গত সেপ্টেম্বরের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৫৬তম সাধারণ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণ এবং মোনাকোতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কনফারেন্সে নেওয়া সিদ্ধান্ত অনুস্বাক্ষরের বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৯১২ ঘ.
bdnews24