২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার’

সরকার ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে ফখরুল বলেন, “আমাদের শান্তিপূর্ণ সমাবেশে প- করতে পুলিশ হামলা চালিয়েছে। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলের কর্মসূচিতে বাধা সৃষ্টি করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।” মঙ্গলবার নেত্রকোনা শহরে ১৮ দলের সভামঞ্চে আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি যাতে না হয়, সেজন্য দেশব্যাপী সমাবেশেগুলোতে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করছে। মিথ্যা মামলা দিচ্ছে।” নেত্রকোনা ও শেরপুরে সমাবেশ প- ও ১৪৪ ধারা জারি এবং মাগুরায় সমাবেশে বোমা নিক্ষেপের উদাহরণ দেন তিনি। কক্সবাজারের রামু-উখিয়া-পটিয়াতে বৌদ্ধ বিহার ও মঙ্গলবার দলীয় সমাবেশে হামলার ঘটনা এক সূত্রে গাঁথা বলে মনে করেন তিনি। “কক্সবাজারের রামু, উখিয়া ও পটিয়াতে ছাত্রলীগ, যুবলীগ ও মৎস্যজীবী লীগের লোকজন বৌদ্ধবিহারে হামলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। আমরা আশঙ্কা করছি, সরকার দেশে অস্থিতিশীল ও সংঘাময় পরিবেশ সৃষ্টি করার জন্য এহেন অপচেষ্টা চালাচ্ছে।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ‘তা-ব’ চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তারা নিজেরা নিজেরা যুদ্ধ করে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে।” দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সোনালী ব্যাংকের ঋণ খেলাপির মামলাকে সাজানো হিসেবে দাবি করে ফখরুল বলেন, “হলমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকা ও ডেসটিনির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করার ঘটনা থেকে জনগনের দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিতেই সরকার এই মিথ্যা মামলার কৌশল নিয়েছে।” মির্জা ফখরুল জানান, আগামী ৯ অক্টোবরের বরিশালে খালেদা জিয়ার নির্ধারিত জনসভার তারিখ পাল্টানো হয়েছে। নতুন তারিখ হচ্ছে ১৪ নভেম্বর। এছাড়া আগামী ৬ অক্টোবর হবিগঞ্জে খালেদা জিয়া জনসভায় বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি সাদেক হোসেন খোকাসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতারা সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকের পর সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, ব্যারিস্টার মীর নাসির উদ্দিন প্রমুখ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। বেলা ১১টার দিকে ফখরুল দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, হারুনুর রশীদ, নাজিম উদ্দিন আহমেদ, নীলুফার ইয়াসমী মনিকে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। পুলিশ মঙ্গলবার রাত থেকে কার্যালয় ঘিরে রেখেছিল। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিদুল ইসলাম হীরু গ্রেপ্তার এড়াতে কার্যালয়ে অবস্থান করছেন। রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। দুপুরে কার্যালয় থেকে বের হলে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছাত্র দলের কর্মসূচি স্থগিত বুধবার বিকাল ৪টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের ছাত্র সমাবেশ স্থগিত করা হয়েছে। দলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জানান, পুলিশের অনুমতি না পাওয়ায় এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭৪২ ঘ.