ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
এছাড়া আরেকটি মামলায় ২১ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে গ্রেপ্তার করার পর আলালকে বিকালে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পল্টনে গাড়ি পোড়ানোর অভিযোগে দ্রুত বিচার আইনের মামলায় তাকে ৭ দিন এবং পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পল্টন থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
অন্যদিকে আলালের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান দ্রুত বিচার আইনের মামলায় তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য মামলায় রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে আলালকে কারাগারে পাঠাতে বলেন বিচারক।
এছাড়া তৃতীয় মামলায় পুলিশ ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত ২১ জনকে ২ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন। আর আসামিদের মধ্যে তিন আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়।
১৮ দলীয় জোটের সভা সামনে রেখে মঙ্গলবার নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন। আগুন দেওয়া হয় ১৮ দলের সভামঞ্চে।
এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়।
পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দুটি এবং রমনা থানায় একটি মামলা হয়।
শুনানির সময় আদালতে দাঁড়িয়ে আলাল বলেন, মঙ্গলবার পল্টনে সংঘর্ষের ঘটনার পর থেকে সারা রাত তিনি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। পুলিশ ওই কার্যালয় অবরুদ্ধ করে রাখায় রাতে তার খাওয়াও জোটেনি।
“আমি ওই ঘটনায় কোনোভাবেই জড়িত নই”, বলেন তিনি।
আলালকে গ্রেপ্তার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি ইতোমধ্যেস ৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/পিবি/জেকে/১২২০ ঘ.
bdnews24