২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুতের মাওলা আরো ৩ দিনের রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (দক্ষিণ) নাজমুল হক বুধবার মাওলাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করলে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম তিন দিনের হেফাজত মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী রেজাউল করিম সরকার শুনানিতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, রাজনৈতিক হয়রানির জন্য মাওলাকে আটক করে রিমান্ড চাওয়া হয়েছে আবেদন করা হয়েছে। তিনি একজন ডায়বেটিস রোগী। এর আগেও তাকে পাঁচ দিনের হেফাজতে নেয়া হয়েছিল জানিয়ে আইনজীবী বলেন, রিমান্ড আবেদন নাকচ করা হোক। বিচারক গোলাম মাওলার বক্তব্য শুনতে চাইলে এই হিজবুত নেতা বলেন, “আমাকে ১৯ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে আটক করা হয়। আমি অসুস্থ।” অবশ্য গত ২৫ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বারিধারার কূটনৈতিক পাড়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় গোলাম মাওলাকে আটক করে তারা। গোলাম মাওলা ধানমন্ডি এলাকার সৈয়দ তাজুল ইসলামের ছেলে। ২০১০ সালের ২ মার্চ উত্তরা মডেল থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে একটি মামলা করে। একই বছরের ৮ জুলাই রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাওলাকে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। ওই কারাগার থেকে জামিনে মুক্তির পর তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাওলাকে ‘গুম’ করা হয়েছে। নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে ২০০৯ সালের ২২ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৪৩২ ঘ.