২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদল সভাপতি আলাল গ্রেপ্তার

রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 06:54 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই যুবদল নেতার সহকারী মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সারারাত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করার পর বুধবার বেলা ১২টার দিকে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বের হন আলাল। এর কিছুক্ষণ পর কাকরাইল মোড়ের কাছে গাড়ি থামিয়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে নিয়ে যায়। মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবারের ঘটনায় পল্টন থানায় দায়ের করা দুটি মামলায় আলালকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ দলীয় জোটের সভা সামনে রেখে মঙ্গলবার নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন। আগুন দেওয়া হয় ১৮ দলের সভামঞ্চে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় রাতেই বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করে পুলিশ। পল্টন থানায় দায়ের করা দুটি মামলার মধ্যে একটিতে গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি করা হয়েছে দ্রুত বিচার আইনে। মামলার বাদী উপ পরিদর্শক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো প্রায় আড়াই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/এসএম/এলএইচ/জেকে/১২৪০ ঘ.