২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মামলা-ঘেরাওয়ে আন্দোলন থামবে না’

মামলা দিয়ে এবং কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখে বিরোধী দলের আন্দোলন বন্ধ করা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 05:50 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা দিয়ে এবং কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখে বিরোধী দলের আন্দোলন বন্ধ করা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ঘেরাওয়ের মধ্যে বসে তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। বাইরে বিভিন্ন স্থানে সাদা মাইক্রোবাস অবস্থান করছে। আমাদের নেতা-কর্মী যারাই বের হচ্ছেন, তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। মামলাও দেয়া হয়েছে।” ১৮ দলীয় জোটের সভা সামনে রেখে মঙ্গলবার নেত্রকোনা শহরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন। আগুন দেওয়া হয় ১৮ দলের সভামঞ্চে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টনে সমাবেশ করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পুলিশ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে। ফলে রুহুল কবীর রিজভীসহ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে রাতে কার্যালয়ের ভেতরেই অবস্থান করেন। রিজভী বলেন, “সরকার বিরোধী দলকে কোনো কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে দেবে না বলে এভাবে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে আমাদের অবরোধ করে রেখেছে। এটা সরকারের একটি নোঙরা কৌশল।” তিনি অভিযোগ করেন, মঙ্গলবার পুলিশই বিএনপি নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে সমাবেশ পণ্ড করে দেয়। গাড়ি ভাংচুরের ঘটনাও সরকারের ‘অপকৌশল’। “অতীতেও বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে এ রকম মিথ্যা মামলা দিয়েছে পুলিশ”, বলেন রিজভী। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, শ্রমিক দলের মহানগর নেতা নুরুল ইসলাম খান নাসিম সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি কার্যালয়ে অবস্থানকারী কর্মীরা জানান, মঙ্গলবার রাত তাদের কেটেছে ঘুমহীন। গ্রেপ্তার হওয়ার ভয়ে বের হতেও পারছেন না। বিডিনিউজ টোয়েনিন্টফোর ডটকম/এসএম/জেকে/১১৪৫ ঘ.