ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন, মো. কুতুব উদ্দিন মামুন (৩৯), মো. নাজমুল হক সাকি (২২) ও মো. খালেকুর রহমান মিন্টু (৩০)।
সোমবার সকাল ১০ টার দিকে তাদেরকে গুলশানের নর্দান রোড, ডিওএইচএস ও বাবিধারা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা হিযবুত তাহরীরের সদস্য। তাদের কাছ থেকে ওই সংগঠনের ১০টি ম্যাগাজিন ও ১৩৮টি লিফলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১১৪ ঘ.
bdnews24