ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ‘অবিবেচনাপ্রসূত’ কথায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, “পত্রিকায় দেখলাম, পদ্মা সেতুর বিষয়ে ঢাকার আলোচনায় বিশ্ব্যাংকের প্রতিনিধি আপাতত আসছেন না বলে জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর অবিবেচনাপ্রসুত কথাবার্তার কারণে এই বৃহৎ প্রকল্প নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে বলে দেশের মানুষ মনে করে।”
“একদিকে তারা (সরকার) বাতিল করা ঋণচুক্তি পূনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের কাছে ধর্ণা দিচ্ছে, অন্যদিকে জাতিসংঘে গিয়ে বিশ্বব্যাংকের সংস্কারের কথা বলছে”, যোগ করেন তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংক, আইএমএফসহ বহুজাতিক দাতা প্রতিষ্ঠানগুলো সংস্কারের আহবান জানান।
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ফেরার পর গত ২৩ সেপ্টেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, “বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার প্রতিনিধিরা ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে।”
তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এক কর্মকর্তা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের ১ অক্টোবরের ঢাকা সফর স্থগিত করা হয়েছে; যদিও এ প্রকল্পের অন্য দুই ঋণ দাতা সংস্থা এডিবি ও জাইকার প্রতিনিধিদল ওই বৈঠকের জন্য প্রস্তুত ছিল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দলের জ্যেষ্ঠ নেতা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আবদুল মতিন চৌধুরীর স্মরণে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। গত ৪ আগস্ট মতিন চৌধুরী বার্ধক্যজনিক কারণে মারা যান।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশারফ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর মতিন চৌধুরীর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার অনুষ্ঠিত গাজীপুর-৪ আসনের উপনির্বাচনকে ‘ভোটারবিহীন প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে বলেন, “কাপাসিয়ার জনগন বলে দিয়েছে, দলীয় সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।”
দলের নির্বাচন বর্জনের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “আমরা যে কারণে কাপাসিয়া উপনির্বাচনে যোগ দেয়া থেকে বিরত ছিলাম, আজ তা প্রমাণ হয়েছে। নির্বাচনের ভোট গ্রহনের পরপরই তাজউদ্দিন আহমেদ সাহেবের ভাই আফসার উদ্দিন বলেছেন, কাপাসিয়ায় প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে জেতানো হয়েছে।”
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগে শূন্য এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে তার বড় বোন সিমিন হোসেন রিমি বিজয়ী হন।
রিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারই চাচা এবং সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান। এছাড়া কাস্তে প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ মতিন চৌধুরীর কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। আলোচনা সভাটি পরিচালনা করে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৯২২ ঘ.
bdnews24