ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশে থাকা বিএনপি-জামায়াতের এজেন্টরা লক্ষ্মীপুর ও চাঁদপুরে মিছিলে গুলি চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
‘পুলিশেও বিএনপি-জামায়াতের এজেন্ট আছে’ মন্তব্য করে তিনি মঙ্গলবার এক সমাবেশে বলেন, “সরকারকে বিপদে ফেলতে তারা একাজ করতে পারে।”
এসব এজেন্টদের খুঁজে বের করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
রাজধানীর মহানগর মঞ্চে ওই সমাবেশে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খালেদার পক্ষে সব সম্ভব। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন সারের জন্য আন্দোলনকারী কৃষকদের গুলি করে মেরেছেন। রাজশাহীর কানসাটে বিদ্যুৎ দাবি করায় মেরেছেন ১৯ কৃষককে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ কয়েকটি দাবিতে রোববার ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গণমিছিল করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে দলটির কর্মীদের সংঘর্ষ হলে গুলিতে লক্ষ্মীপুর ও চাঁদপুরে চার জন মারা যায়। সোমবার রাজশাহীতে জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে মারা যায় এক জন।
বিরোধীদলীয় নেতার সমালোচনা করে নাসিম বলেন, “বিরোধীদলীয় নেত্রী বলেছেন তিনি ক্ষমতায় আসলে নাকি আমাদের রাজপথে দাঁড়াতে দেবেন না। আপনারা তো ক্ষমতায় থাকার সময় আমাদের দলীয় কার্যালয়ের বাইরে বের হতে দেননি। হুংকার দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না।”
সেনা বাহিনীতে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “খালেদা জিয়া ডিসেম্বরেই সরকার পরিবর্তন করা হবে বলে বলেছিলেন। তার পরপরই এ ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
সরকার উৎখাতে কিছু ধর্মান্ধ সেনাসদস্যের চেষ্টা গত ডিসেম্বরে নস্যাৎ করা হয় বলে গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায় সেনাসদর। ওই চেষ্টায় বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে ইতিমধ্যে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী।
পল্লী চিকিৎসকদের নামের পাশে ‘ডা.’ লেখার অধিকার, প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সরকারিভাবে নাম নিবন্ধনের দাবিতে মঙ্গলবারের এ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি।
সমিতির সভাপতি আব্দুস সাত্তার বলেন, “দেশের শতকরা ৭৫ ভাগ মানুষের চিকিৎসা আমরা পল্লী চিকিৎসকরাই করে থাকি। ৫০ হাজার চিকিৎসকের জন্য ৫ লাখ পল্লী চিকিৎসককে উচ্ছেদ করা যাবে না। দাবি আদায়ে প্রয়োজনে জীবন দেব।”
এ সময় নাসিম তাদের দাবি পূরণের আশ্বাস দেন। পাশাপাশি শহরে থাকতে চাওয়া চিকিৎসকদের সমালোচনা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৮৩৫ ঘ.
bdnews24