২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংলাপেই সমাধান: মজিনা

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, রাজনৈতিক সংলাপই পারে দুই পক্ষের মতপার্থক্যের অবসান ঘটাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, রাজনৈতিক সংলাপই পারে দুই পক্ষের মতপার্থক্যের অবসান ঘটাতে। সোমবার সকালে চট্টগ্রামে তিন দিনের ‘আমেরিকা সপ্তাহ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মজিনা বলেন, একটি সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে হতে পারে তার উপায় খুঁজতে সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা উচিত। ড্যান মজিনা রোববার ঢাকায় বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। বন্দরনগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে শুরু হয়েছে তিন দিনের আমেরিকা সপ্তাহ। এর উদ্বোধনের আগে এম এ আজিজ স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন মোজেনা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমও সংবাদ সম্মেলনে ছিলেন। “আমেরিকা এসেছে...আমেরিকা এসেছে চট্টগ্রামে!” সবাইকে শুভ সকাল জানিয়ে এভাবেই বক্তব্য শুরু করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তিনি বলেন, “আমরা চট্টগ্রামের নাগরিকদের আমেরিকার গল্প শোনাতে এসেছি। আর আমরা এখানে এসেছি চট্টগ্রাম সম্বন্ধে জানতে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও গতিশীল শহরেরর আকর্ষণীয় জনগণের সঙ্গে পরিচিত হতে।” এই বছরের আমেরিকা সপ্তাহের মূলভাব- ‘একসাথে এগিয়ে চলি।’ রাষ্ট্রদূত বলেন, “এই মূলভাব বাংলাদেশের সঙ্গে আমেরিকার অংশীদারিত্বের নীতিগত দিক নির্দেশক। এই অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং আরো শক্তিশালী হচ্ছে।” বাংলাদেশের নাগরিকদের জীবনমান উন্নয়নে সহায়তার জন্য আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে তিনি জানান। মজিনা আশা প্রকাশ করেন, বলেন, বাংলাদেশ ১৫ থেকে ২০ বছরে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম স্থানে চলে আসবে। “ওষুধ শিল্প, চামড়া প্রস্তুত, কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ বড় অবদান রাখবে এবং এর মধ্য দিয়ে ‘স্বর্ণালী বাংলাদেশ’ গড়ে উঠবে বলে আশা করছি,” বলেন তিনি। বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ থেকে উত্তরণে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন মজিনা। সংবাদ সম্মেলনে মেয়র মনজুর আলম আমেরিকা সপ্তাহ চট্টগ্রামে আয়োজনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি। সংবাদ সম্মেলন শেষে রাষ্ট্রদূত ও সিটি মেয়র ফিতা কেটে আমেরিকা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিন দিনের এ অনুষ্ঠানে যে কেউ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউএসএআইডি, এর উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানএবং যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত ৬০টিরও বেশি বুথ দেখতে পারবে। এর আগে চট্টগ্রামে ২০০২ ও ২০০৬ সালে আমেরিকা সপ্তাহ আয়োজন করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০০ ঘ.