২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে বাধা: সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের বিভিন্ন জেলায় গণমিছিল কর্মসূচিতে বাঁধা দেওয়ার অভিযোগ এনে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জেলায় গণমিছিল কর্মসূচিতে বাঁধা দেওয়ার অভিযোগ এনে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বান্দরবান, নেত্রোকোনা, চাঁদপুর, লক্ষীপুরসহ বিভিন্ন জেলা থেকে বাধা ও নিষেধাজ্ঞা আরোপের সংবাদ আমরা পাচ্ছি। চাঁদপুরে মিছিলে হামলা হয়েছে। এসব বিষয়ে বিকালে আমরা বিস্তারিত জানাবো।” বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হবে বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক জনসভা থেকে ২৯ জানুয়ারি সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কিন্তু আওয়ামী লীগ একই দিনে রাজধানীতে জনসভা করার ঘোষণা দিলে রোববার সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞা জারি করা হয় চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাতেও। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনাতে জারি করা হয় ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামসহ মহানগরগুলোর গণমিছিল কর্মসূচি একদিন পিছিয়ে দেয় বিএনপি। তবে জেলায় জেলায় রোববারের কর্মসূচি বহাল থাকে। ঘোষণা অনুযায়ী সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে চাঁদপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। চাঁদপুরে পুলিশের গুলিতে কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে। সোমবার খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকায় গণমিছিল করবে বিএনপি। এদিকে রোববার সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কাকরাইলের নাইটেঙ্গল মোড় ও পল্টন থানার কাছে অবস্থান নেয় পুলিশের জল কামান ও রায়ট কার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, নাজিমউদ্দিন আলম ও আবুল খায়ের ভূঁইয়াসহ কয়েকজন নেতা সকালেই কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২২০ ঘ.