ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি গণমিছিলের তারিখ বদলানোর পর রোববার জনসভা না করার কথা জানিয়েছে আওয়ামী লীগও। তবে তাদের জনসভা কবে হবে, তা ঠিক হয়নি।
বিএনপির কর্মসূচির দিন ঢাকা মহানগর আওয়ামী লীগ সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ রোববার সকাল থেকে রাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
পুলিশের পদক্ষেপের সমালোচনা করলেও বিএনপি শনিবার সন্ধ্যায় জানায়, তারা রোববারের পরিবর্তে সোমবার গণমিছিল করবে।
এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারাও রোববার জনসভা করছেন না।
বিএনপি গণমিছিলের নতুন দিন ঠিক করলেও আওয়ামী লীগের জনসভা কবে হবে, সে বিষয়ে কিছু বলেননি মুকুল।
তিনি বলেন, “রোববার আমাদের যে জনসভা হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। যেহেতু সরকার সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে সেহেতু এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে আমরা কোনো কর্মসূচি করছি না।”
বিএনপির গণমিছিলের পাল্টা কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার জনসভার ঘোষণা দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ।
বিএনপির গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল গত ৯ জানুয়ারি। চট্টগ্রাম রোড মার্চের জনসভায় এই কর্মসূচি দেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/২০১২ ঘ.
bdnews24