ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিল কর্মসূচি সফল করতে লেবার পার্টির মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
সংগঠনের নেতা-কর্মীরা শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়াতে গেলে পুলিশ তা কেড়ে নিয়ে তাদের সরিয়ে দেয়।
এ সময় লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজাসহ কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডাও হয়।
এ কর্মসূচি সামনে রেখে সকাল থেকেই জলকামান ও রায়ট কার নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় পুলিশ।
কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ার পর লেবারপার্টির নেতা-কর্মীরা প্রেসক্লাব চত্বরে পুলিশের আচরণের প্রতিবাদ জানান।
কর্মসূচি অংশ নিতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকারের ‘দমননীতির’ কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, “এভাবে দমন-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা আঁকড়ে রাখতে পারবে না। গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।”
রোববার বিএনপির নেতৃত্বে চার দলের গণমিছিল কর্মসূচি সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মওদুদ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার বেলা ২টায় নয়া পল্টন থেকে এ গণমিছিলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, হাবিবুর রহমান হাবিব, সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, লেবার পার্টির সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, জিয়া সেনার সম্পাদক মঞ্জুর হোসেন এ সময় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪৮ ঘ.
bdnews24