ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে প্রবাসীদের সংগঠন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি।
সংগঠনটির চেয়ারপার্সন এমএস শাকিল চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকালে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়।
শাকিল বলেন, “দেশের বাইরে থেকে ভোট দেওয়া, প্রার্থী হতে পারা এবং ইসির বিষয়ে বাংলাদেশি মিশনে যাবতীয় তথ্য জানতে পারার ব্যবস্থা নিতে লিখিত প্রস্তাব দিয়েছি।”
কমিশনার ছহুল হোসাইন বলেন, অনলাইনে ভোট দেওয়ার বিষয়টি ইসির ভাবনায় নেই।
তিনি বলেন, “ইভিএম নিয়ে যেখানে এতো বিতর্ক সেখানে অনলাইনে ভোটের কথা অনেক পরে। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে আগে।”
এ সময় তিনি মনে করিয়ে দেন বর্তমান ইসির মেয়াদেই প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নেওয়া হয়।
সরকারি হিসেবে বর্তমানে ৭৬ লাখ ৯৯ হাজার ৯৫১ জন (১৯৭৬-২০১১) বাংলাদেশি বিদেশে বসবাস করছেন বলে জানায় সংস্থাটি। এছাড়া আরো ২৫ লাখ প্রবাসী রয়েছে দাবির সেন্টার ফর এনআরবি’র।
আগামীতে জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগ্রহী নির্বাচন কমিশন গত দুবছরে দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করে। এরপর চলতি বছর এক সিটি কর্পোরেশন নির্বাচনে পুরো ভোটগ্রহণ ইভিএমে।
তবে প্রধান বিরোধী দল ভোট কারচুপি হতে পারে দাবি করে ইভিএমের বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৫৬ ঘ.
bdnews24