ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠিত হলে তা গ্রহণযোগ্যতা পাবে না- একটি বেসরকারি সংগঠনের আলোচনায় এ অভিমত দিয়েছেন বক্তারা।
আলোচনায় আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, সার্চ কমিটির ওপর সবার আস্থা নেই এবং তাদের কর্মপদ্ধতি তেমন কিছু নেই।
তিনি বলেন, “সার্চ কমিটির গত ২৪/৩৬ ঘণ্টার কর্মকাণ্ডে স্পষ্ট হয়েছে এই প্রক্রিয়ায় ইসি গঠন করলে গ্রহণযোগ্যতা পাবে না। জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে আইন করে ইসি গঠন করলে সবার কাছে গ্রহণযোগ্য হবে।”
“এ ক্ষেত্রে আইন করতে কিছুটা সময় লাগলেও সাংবিধানিক জটিলতার সৃষ্টি হবে না,” যোগ করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিলে কথা বলছিলেন শাহদীন।
বিরোধীদল সার্চ কমিটির বিরোধিতা করাটাকে ‘স্বাভাবিক’ বলেও অভিহিত করেন এ আইনজীবী।
‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও রাষ্ট্রপতির সুপারিশ’ শিরোনামের এ আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সুজনের সহ-সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, “নিরপেক্ষ ইসি গঠনের যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা এ সমস্যার সমাধান করতে পারবে না।”
তিনিও আইন করে নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দেন।
প্রধান বিরোধী দল বিএনপি ইসি গঠন ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এক করলে চলবে না বলেও মন্তব্য করেন সুজন সহ-সভাপতি।
হাফিজ উদ্দিন খানের সঞ্চালনায় গোলটেবিলে সৈয়দ আবুল মকসুদ, ইনাম আহমদ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এসএম শাহজাহান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুবুর রহমান প্রমুখ অংশ নেন।
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ফেব্র“য়ারির মাঝামাঝি এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এ পটভূমিতে নতুন নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর স¤প্রতি রাষ্ট্রপতি চার সদস্যের সার্চ কমিটি গঠন করেন।
সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছে ইতিমধ্যে নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ও সদস্যের নাম চেয়েছে সার্চ কমিটি।
প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে গেলেও তারা আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানায়। গত বছর সংবিধান সশোধনের মধ্য দিয়ে বাতিল হয় ওই ব্যবস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯০১ ঘ.
bdnews24