ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার উৎখাতের পরিকল্পনাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সা¤প্রতিক অভ্যুত্থান পরিকল্পনা নস্যাত করে দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার ইন্সটিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা বলেন, “অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে এই দেশপ্রেমিক বাহিনী দেশকে একটি বিপর্যয় থেকে রক্ষা করেছে।”
তিনি সতর্ক করে দেন, “এ ধরনের জঘন্য ষড়যন্ত্র করে কেউ ক্ষমা পাবে না।”
সেনাবাহিনী গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে।
এরপর ২১ জানুয়ারি এক অনুষ্ঠানে অভ্যুত্থান চেষ্টার জন্য প্রধান বিরোধী দল বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “তাদের (বিরোধী দল) বক্তৃতা, বিবৃতি একবার অ্যানালাইসিস করা হলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে দেশের মানুষের কাছে।”
‘ভিন্ন পথ খুঁজে’ ক্ষমতায় যাওয়ার দিন শেষ হয়ে গেছে বলেও প্রধান বিরোধী দল বিএনপিকে সতর্ক করে দেন তিনি।
অবশ্য বিএনপি বলে আসছে, গণতান্ত্রিক পন্থা ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা হস্তান্তর তারা সমর্থন করে না। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী গণতন্ত্রের ক্ষতি করছেন বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীতে সংঘটিত সা¤প্রতিক ঘটনাবলী সম্পর্কে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে অবহিত করেছেন সেনা প্রধান জেনারেল এম আব্দুল মুবিন।
বার্তা সংস্থা বাসসের এক খবরে বলা হয়, জেনারেল মুবিন বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাস্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে জানান যে, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে অবসরপ্রাপ্ত ও চাকরিরত কয়েকজন সেনা কর্মকর্তার একটি ষড়যন্ত্র সেনাবাহিনী স¤প্রতি নস্যাৎ করে দিয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিকেল কোরের কমান্ড্যান্ট কনফারেন্স ও পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান তিনি।
জেনারেল মুবিন রাষ্ট্রপতিকে জানান, সৌদি আরবের সেনা প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। এছাড়া তিনি নিজে আগামী মার্চে থাইল্যান্ড সফরে যাবেন।
সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সেনাপ্রধানের বক্তব্য শোনেন এবং এ বাহিনীর আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস দেন বলেও বাসসের খবরে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৭২৪ ঘ.
bdnews24