২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলখাতে বেসরকারি সহযোগিতা চান সুরঞ্জিত

রেলওয়ের জন্য বগি ও ইঞ্জিন আমদানিতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের জন্য বগি ও ইঞ্জিন আমদানিতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেলখাত সংশ্লিষ্ট যন্ত্রাংশের কারখানা স্থাপনের ওপরও জোর দিয়েছেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে বৃহস্পতিবার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আমি দাওয়াত দিলাম। কী কী (বিনিয়োগের সুযোগ) দিতে পারব আপনারা গেলে আমি সব তথ্য আপনাদের দিয়ে দেব।” ‘রেলওয়ের পুনঃজাগরণ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এর ভূমিকা’ শিরোনামের এ সেমিনারে বক্তব্যে রেলওয়ের জমি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথাও বলেন মন্ত্রী। রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবির বলেন, রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়া হয়েছে। তিনি জানান, রেলওয়ের জমির সর্বোত্তম ব্যবহারের জন্য শিগগিরই নীতিমালা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/২১২২ ঘ.