ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ ফেব্রুয়ারি দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই তারিখ ধার্য করে।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, “আনুষ্ঠানিক অভিযোগ, তদন্তে সাক্ষীদের বক্তব্য এবং তদন্ত প্রতিবেদন দেখে প্রতীয়মান হয় যে, সেখনে অপরাধ সংঘঠিত হয়েছে। এর ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ আমলে নেওয়া হলো।”
মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরুর জন্য প্রসিকিউশনকে ৩১ জানুয়ারি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ মামলার নথিপত্র জমা দিতে বলা হয়েছে। আসামি পক্ষকে ২ ফেব্রুয়ারি এসব নথি সংগ্রহ করতে হবে।
একাত্তরে যুদ্ধাপরাধের ঘটনায় গত বছর ২১ জুলাই মুজাহিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১ নভেম্বর মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে। ৩৬৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
গত ১৬ জানুয়ারি এই জামায়াত নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।
মুজাহিদ ছাড়াও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে ট্রাইব্যুনালে।
একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১১৪০ ঘ.
bdnews24