ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারের অস্থিরতা ও দরপতনের নেপথ্যে সরকারের ‘মদদ’ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “বর্তমানে সরকারের লোকজনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুঁজিবাজারের ব্যবস্থাপনা চলছে। এর আগে তারাই ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। তদন্তে তা বেরিয়ে আসলেও লুণ্ঠিত অর্থ উদ্ধারে সরকারের কোনো উদ্যোগ নেই।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ‘সংকটজনক’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, “ব্যাংকগুলোতে তারল্য সংকট চলছে। অর্থনৈতিক অবস্থা খারাপ। তারপরও আমাদের প্রধানমন্ত্রী বলছেন, দেশের অর্থনীতি ভালো, তারল্য সংকট নেই। কারণ তার নিজের অর্থের কোনো অভাব নেই।”
“তবে বাস্তবতা হচ্ছে, ব্যাংক থেকে আমানতকারীর টাকা উত্তোলন করতে গেলে এক সঙ্গে বেশি অংকের টাকা দিতে পারছে না”, যোগ করেন তিনি।
সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে ভারতীয় সীন্তরক্ষীদের হাতে বাংলাদেশি হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “ভারতের এ রকম আগ্রাসনের বিরুদ্ধে গণঐক্য গড়ে তুলতে হবে। নইলে দেশের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।”
স¤প্রতি রাজশাহী সীমান্তে এক বাংলাদেশির ওপর বিএসএফ সদস্যদের নির্যাতনে ভিডিও চিত্র প্রকাশের পরও বাংলাদেশ সরকার এর প্রতিবাদ না করায় কঠোর সমালোচনা করেন তিনি।
গয়েশ্বর বলেন, “নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে সরকার ভিন দেশের স্বার্থ রক্ষা করছে। আমাদের দেশের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, তাতে মনে হয়, তারা বাংলাদেশের মন্ত্রী নন, ভারতের এক্সটেনশন মন্ত্রিসভার সদস্য।”
এ ব্যাপারে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তিকে সোচ্চার হওয়ার আহবান জানান বিএনপির এই নেতা।
সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশির নির্যাতন ও হত্যার প্রতিবাদে ‘আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটি’ জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে।
অন্যদের মধ্যে আগ্রাসন প্রতিরোধ জাতীয় কমিটির সভাপতি আলমগীর মজুমদার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩৫০ ঘ.
bdnews24