২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতার পর যশোরে লুকিয়ে ছিলেন সাঈদী’

জামায়াতের এই নেতা মুক্তিযুদ্ধের আগে যশোরে এক জনসভায় অংশ নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানান সাক্ষী সোলেমান হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পর যশোরের এক গ্রামে লুকিয়ে ছিলেন জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার পঞ্চদশ সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছেন এ তথ্য। সাক্ষী মো. সোলেমান হোসেন মঙ্গলবার তার বক্তব্য উপস্থাপনের পর তাকে জেরা শুরু করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জানান, তালিকায় থাকা পঞ্চদশ সাক্ষী মধুসূদন ঘরামী (৮০) অসুস্থ থাকায় আসতে পারেননি। এ ছাড়া আরো চার জন সাক্ষী সময়মতো ট্রাইব্যুনালে পৌঁছাতে পারেননি। এতে বিচারক অসন্তোষ প্রকাশ করেন এবং বেলা ২টায় সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারণ করেন। দুপুরে পঞ্চদশ সাক্ষী হিসেবে এ মামলায় জবানবন্দি দেন ৬০ বছর বয়সী সোলেমান। তিনি আদালতকে জানান, ১৯৭০ এর নির্বাচনের আগে যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীকে বক্তৃতা করতে দেখেন, যেখানে এই জামায়াত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উলে¬খ করেন ‘জগবন্ধু’ হিসেবে। সোলেমান জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যশোরের বাঘারপাড়া ইউনিয়নের দহখোলা গ্রামে রওশন আলী নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সাঈদী। “নিজের এলাকায় স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তিনি এখানে পালিয়ে এসেছেন বলে আমরা শুনতে পাই,” বলেন তিনি। সোলেমান আরো স্মরণ করেন, ২০০৫-০৬ সালের দিকে এক ধর্মীয় সমাবেশে অংশ নিতে আবার বাঘারপাড়ায় যান সাঈদী। ওই সমাবেশে তিনি বলেন, “আমি দুর্দিনে এই গ্রামে আশ্রিত ছিলাম। রওশন ভাই কি এখানে আছেন?” এ সময় সেখানে উপস্থিত রওশন সাড়া দিলে তাকে সমাবেশ মঞ্চে নিয়ে যান সাঈদী। পরে তিনি রওশনের বাড়িতেও যান বলে সোলেমান জানান। সাক্ষীর জবানবন্দি শেষ হলে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তারা তাৎক্ষণিকভাবে জেরা করতে প্রস্তুত নন, কারণ এদিন অন্য এক জনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এ নিয়ে ট্রাইব্যুনালে ব্যাপক শোরগোল তোলেন সাঈদীর আইনজীবীরা। কিন্তু ট্রাইব্যুনাল জেরা শুরুর নির্দেশ দিলে সোলেমানকে কেবল দুটি প্রশ্ন করেন সাঈদীর আইনজীবী মিজানুল হক। বুধবারও এ মামলায় সোলেমান হোসেনের জেরা চলবে। মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় এই সাবেক সংসদ সদস্যকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল¬া এবং দলের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা রয়েছে ট্রাইব্যুনালে। একই অভিযোগের মামলায় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে এবং জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৭৫০ ঘ.