২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ রক্ষায় ফিরবে বিরোধী দল, আশায় প্রধান হুইপ

সংসদের আগামী অধিবেশন দীর্ঘ হওয়ার ইঙ্গিত দিয়ে প্রধান হুইপ আব্দুস শহীদ আশা করছেন, সংসদ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য হলেও এই অধিবেশনে বিরোধীদলীয় সদস্যরা ফিরবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 11:30 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আগামী অধিবেশন দীর্ঘ হওয়ার ইঙ্গিত দিয়ে প্রধান হুইপ আব্দুস শহীদ আশা করছেন, সংসদ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য হলেও এই অধিবেশনে বিরোধীদলীয় সদস্যরা ফিরবে। বিরোধী দল সংসদ বর্জনের মাধ্যমে রাজনৈতিক দৈন্যের পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বুধবার শুরু হচ্ছে। তার এক দিন আগে মঙ্গলবার বিরোধী দলের সংসদ বর্জন নিয়ে কথা বলেন সংসদের প্রধান হুইপ। বিরোধী দলকে এই অধিবেশনে আশা করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অধিবেশন দীর্ঘ হতে পারে। বিরোধী দল সদস্যপদ রক্ষার জন্যে হলেও সংসদে ফিরবে বলে আশা করছি। ‘কথা বলার পরিবেশ নেই’ অভিযোগ করে দীর্ঘদিন ধরে সংসদে যাচ্ছে না বিএনপিসহ বিরোধী দলগুলো। এখন তারা সংসদে ফেরার শর্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের বিল আনার দাবি তুলেছে। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবারই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সংবিধান সংশোধনের বিল সরকারি দল আনলে তারা সংসদ অধিবেশনে যোগ দেবেন। বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে শহীদ বলেন, “তারা সংসদে ফিরবেন আশা করি। এর মধ্য দিয়ে সংসদ সদস্য পদ খারিজের ঝুঁকি থেকেও পরিত্রাণ পাওয়ার সুযোগ রয়েছে।” আইন অনুযায়ী, টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ খারিজ হয়ে যায়। বর্তমান সংসদের গত ১১টি অধিবেশনের মধ্যে ৭টিতেই অনুপস্থিত বিরোধী দলের সদস্যরা। সর্বশেষ ২০১১ সালের ২৪ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেন তারা। বর্তমানে বিরোধী দলের সদস্যরা গড়ে ৫৩ দিন ধরে অনুপস্থিত রয়েছেন। এর আগে ৭৪ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত বছরের ১৫ মার্চ সংসদ অধিবেশনে ফিরেছিলেন বিরোধীদলীয় সদস্যরা। প্রথা অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। প্রধান হুইপ বলেন, এ জন্যে বছরের শুরুর অধিবেশন দীর্ঘায়িত হয়। দ্বাদশ অধিবেশনও তা-ই হতে পারে। শুরু হতে যাওয়া অধিবেশন কবে পর্যন্ত চলবে, তা মঙ্গলবার সন্ধ্যায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে। স্পিকার নেতৃত্বাধীন ওই কমিটিতে বিরোধীদলীয় নেতাও সদস্য। শহীদ বলেন, ওয়াক আউট, বর্জন, বয়কট সংসদেরই রেওয়াজ। কিন্তু সংসদ সদস্যের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে সংসদে না আসা বিএনপির রাজনৈতিক দৈন্য। বিরোধী দল যে সব দাবি তুলেছেন, তা সংসদে এতে তোলার জন্য তাদের প্রতি আহ্বান জানান প্রধান হুইপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১২ ঘ.