ঢাকা, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের নর্দ্দা বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ফজলে ওয়াহাব লিটু (৪৩) এবং আশফাক-ই- জামান (৩৫)। তবে দুইজনই ওই সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
সোমবার সকালে মিডিয়া ও কমিউনিটি সার্ভিসে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মনিরুল ইসলাম জানান, নর্দ্দা বাজার ৫৯-ক এবং ১৩/২-ক নম্বর বাড়ি থেকে রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রচারপত্র, রাষ্ট্রবিরোধী বই, খেলাফত রাষ্ট্রের নামে একটি খসড়া সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো-প্রতিষ্ঠান, বেশ কিছু ডায়েরি, তিনটি ল্যাপটপ, একটি সিপিইউ উদ্ধার করা হয়।
গুলশান বারিধারা এলাকায় এই দুই জন সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলো বলে দাবি করেন মনিরুল।
সংবাদ সম্মেলনে লিটু জানান, তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত নন। এর আগে তার বাবার ব্যবসা দেখতেন। এখন তাবলিগ নিয়ে ব্যস্ত।
আশফাক স্থানীয় সরকারের অধীন একটি উন্নয়ন প্রকল্পের আইটি শাখার প্রধান।
তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সঙ্গে জড়িত না থাকার কথা জানিয়ে বলেন, তার ছোট ভাই হিযবুত তাহরীর করতো। তবে নিষিদ্ধ হওয়ার পর সে এই সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৩৪৬ ঘ.
bdnews24